ত্রিমাত্রিক
পার্থক্য

গ্রাফিকস: আগামীর সময়
ইদ্রিস চোরকে আপনারা চেনেন না, চেনার কথাও না।
বিয়াল্লিশ বছর আগে সিরাজগঞ্জের রহমতগঞ্জ গ্রামের ১ নম্বর রোডের ভেলু খাঁর বাড়িতে চুরি হলো এক রাতে। ঘরের সিঁধ কেটেছে চোর। পিতলের অনেক বাসন-কোসন নিয়েছে, দুটো কম্বল নিয়েছে, অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলও নিয়েছে কিছু।
সারা গ্রামের প্রায় দশ ভাগ মানুষ জড়ো হয়েছে ভেলু খাঁর বাড়ি। গ্রামে মাঝেমধ্যেই এরকম বিচ্ছিন্ন চুরি হয়, অধিকাংশই কিছুটা সাধারণ মানুষের বাড়ি। কিন্তু ভেলু খাঁ হচ্ছেন প্রভাবশালী মানুষ। তার এই প্রভাবের কারণ হচ্ছে— সাত সাতটি ছেলে আছে তার। আর সেসবের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স চৌদ্দ, আধা যুবক সে।
জড়ো হওয়া মানুষের মধ্যে ইদ্রিস চোরও আছে। রহমতগঞ্জ গ্রামের পাশের গ্রাম রতনগঞ্জে বাড়ি তার। কিন্তু কেউ তাকে সন্দেহ করতে পারছে না আজ। কারণ গত রাতে সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলের মাঠে যে এক ওয়াজ মাহফিল হয়েছে, সেখানে ফজরের নামাজের আগে যে পাতলা খিচুড়ি দিয়েছে সবাইকে, সন্ধ্যার পর থেকে সেই খিচুড়ি নেওয়া পর্যন্ত সেখানেই ছিল ইদ্রিস। তাৎক্ষণিক সাক্ষী প্রায় ডজনখানেক।
সবার প্রশ্ন, চুরিটা তাহলে করল কে? গ্রামে তো কোনো চোর নেই। বিশেষ করে সিঁধ কাটা চোর।
হঠাৎ কী মনে হলো, ভেলু খাঁর বড় সন্তান হাসান খসরু খান থাবা দিলেন ইদ্রিসের দিকে। সঙ্গে তার তিন ভাইও। ঝট করে বেঁধে ফেললেন টিনের ঘরের বারান্দায়, শাল কাঠের পিলারে। টেনে খুলে ফেলা হলো তার জামা। পাশেই চার ফুটের মতো লম্বা লোহার পেঁচানো একটা তার পড়ে ছিল। হাতে নিলেন তা হাসান খসরু। কেউ কিছু বুঝে ওঠার আগেই পিঠ বরাবর কষে একটা আঘাত করলেন সেই তার দিয়ে। উপস্থিত আমরা সবাই দেখলাম— পিঠের চামড়া ফেটে গেল প্রথমে, সাদা দাগ দেখা গেল তারপর, সেই দাগ পেরিয়ে রক্ত। লাল লাল দাগে মানচিত্রের মতো ছেয়ে গেল ইদ্রিসের পুরো পিঠ।
চরম প্রহারের আধা ঘণ্টা পর ইদ্রিস স্বীকার করল— চুরি সে নিজে করেনি বটে, করেছে পাঙ্গাসী গ্রামের সেলিম। এর জন্য অর্ধেক ভাগ পাবে সে। এক চোরের গ্রামে আরেক গ্রামের চোর চুরি করতে এলে নাকি ভাগবাটোয়ারার কিংবা পার্সেন্টেজের এ নিয়ম!
দুই
দুই হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২৬ মাসে বিভিন্ন দেশ থেকে ২২ লাখ ৬৮ হাজার ৬৫ মানুষ এসেছেন বাংলাদেশে— ভারত, মিয়ানমার, নাইজেরিয়া, চীন, তাইওয়ান, লাওস, পাকিস্তান এবং আরও কিছু দেশ থেকে। তাদের অনেকেই বিভিন্ন অপরাধে জড়িয়েছেন— চোরাচালান, অনলাইন প্রতারণা, মাদক, মানি লন্ডারিংয়ে। অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে এরই মধ্যে।
এখন প্রশ্ন হলো, রহমতগঞ্জ গ্রামের ইদ্রিস চোরের মতো পুরো বাংলাদেশের ইদ্রিস চোর কে বা কারা? এক গ্রামের চোর আরেক গ্রামে চুরি করতে গেলে যেমন তাদের মধ্যে পারস্পরিক একটা চুক্তি হয়, এক দেশের অপরাধীরা আরেক দেশে অপরাধ করতে গেলেও ঠিক উভয় দেশের অপরাধীদের মধ্যে একটা চুক্তি হয়। খুব স্বাভাবিক এটা, প্রচলিত অবৈধ নিয়ম।
প্রশ্ন আরেকটা, আমাদের দেশের ইদ্রিস চোরদের খুঁজে বের করার দায়িত্ব কাদের? ইদ্রিস চোররা ক্ষমতাশালী, না যারা খুঁজে বের করবেন তারা ক্ষমতাশালী?
ইশ, আমরা সাধারণ মানুষরা যদি তাদের কজনকে পেতাম, তাহলে...। তাহলে আর কী— পেটাতাম, ন্যাংটা করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাঁড় করিয়ে রাখতাম, মাথা ন্যাড়া করে রাস্তায় ঘোরাতাম! ধুর, ঘণ্টা করতাম! বরং পরের নির্বাচনে ভোট দিয়ে আমাদের অভিভাবক বানাতাম, সংসদে পাঠাতাম। স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ তো বলেছেনই— আমাদের... অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। ...ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।
তিন
রাস্তাটা পুরো ৬ কিলোমিটার— কমলাপুর থেকে জুরাইন।
এই পথে রেলপথ ঘিরে মাদক কারবার জমজমাট, ছয়টি স্পটে এবং তা নিয়ন্ত্রণ করে ১৯ ব্যক্তি, নাম পাওয়া গেছে তাদের। এদের পাঁচজন এখন কারাগারে, জামিনে কয়জন, পলাতক কেউ কেউ। স্থানীয়রা বলেছেন— অভিযান হয়, গ্রেপ্তার হয় মাদক কারবারিরা। এতে নিয়ন্ত্রক বদলায়, কিন্তু বন্ধ হয় না মাদক কারবার!
বছরের পর বছর চলছে এভাবেই।
সম্প্রতি গোপালগঞ্জে গিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। পরিস্থিতি পরিদর্শন করে এক সভায় তিনি বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে।’
আলী হোসেন ফকির সাহেব কি কমলাপুর চেনেন, জুরাইন? না চেনার তো কথা নয়। তিনি কি এটা জানেন— ওই ছয় কিলোমিটার রাস্তার ছয়টি স্পট থেকে মাদক কারবার নিয়ন্ত্রণ করা হয়? অবশ্যই জানেন, না হলে তিনি পুলিশের মহাপরিদর্শক কেন? তিনি তো ওই ১৯ জনের নামও জানেন, এমনকি ওই অঞ্চলের সবচেয়ে নিচের পদের পুলিশটিও জানেন। তারা কি এত ক্ষমতাশালী যে, তাদের নিয়ন্ত্রণ করা যায় না! মাদকে ছেয়ে গেছে সারা দেশ, তাহলে এত পুলিশ রেখে আমরা কী করব? দেশের কোন অন্যায়টা তারা নির্মূল করতে পারছেন স্বল্প হলেও— চাঁদাবাজি, ছিনতাই, দখল ও খুন?
আমি নিশ্চিত— মহাপরিদর্শক সাহেব যদি ইচ্ছা করেন, আমি আবারও বলছি— তিনি যদি ইচ্ছা করেন, একটু একটু করে নয়, একেবারেই এই মানববিধ্বংসী ব্যাপারটা বন্ধ করতে পারবেন। এটা স্রেফ তার সদিচ্ছার ব্যাপার। মাত্র ছয়টি স্পট যদি তিনি বন্ধ করতে না পারেন, সারা দেশে তো তাহলে সাঁতরাতে হবে, কূল মিলবে না, ঠাঁই মিলবে না মাটিতে।
ভলতেয়ার সেই কবেই বলে গেছেন— নীতিবাক্যের আদলে আমরা যা বলি, তার যদি অর্ধেক পালন করতাম, তাহলে অনাচার অনেকটাই কমে যেত এ পৃথিবী থেকে।
চার
সম্ভবত মানুষ পরিচয়টা হারিয়ে ফেলছি আমরা অনেক আগেই। তাই তো বাবার লাশ দাফন করতে দেয় না এক ছেলে ও তিন মেয়ে, স্রেফ জমি নিয়ে বিরোধে। বয়স হয়ে যাওয়া মাকে রাতের আঁধারে ফেলে রেখে যায় রাস্তায়, কোনো এক কুলাঙ্গার ছেলে। ছেলে করে বাবাকে খুন কিংবা বাবা করে ছেলেকে।
প্রাণীরা নির্ভার হেঁটে বেড়ায় প্রতিদিন; প্রতিদিন শত অন্যায় ঠেলে মানুষও। পার্থক্য শুধু একটাই— মানুষের দুই পা, পশুদের চার।



