সারা দেশে মেঘ-বৃষ্টির দাপট, দুই বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

ফাইল ছবি
সক্রিয় বৃষ্টি বলয়ের কবলে পড়ে ভাদ্রের মাঝামাঝিতেও দেশ জুড়ে অব্যাহত রয়েছে মেঘ-বৃষ্টির দাপট। আজ শুক্রবার দেশের অধিকাংশ এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে।
একই সঙ্গে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মেঘের উপস্থিতি বেশি থাকার পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর মধ্যে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারি বৃষ্টির শঙ্কা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া সিলেট ও রংপুর বিভাগের একাধিক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, দেশে চলমান এই বৃষ্টি বলয় বেশ সক্রিয় রয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত এর প্রভাব বহাল থাকতে পারে। টানা বর্ষণের ফলে দেশের অধিকাংশ অঞ্চলে প্রখর ভ্যাপসা গরম কিছুটা কমে আসতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি চলাকালে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রপাত হতে পারে। দুর্ঘটনা এড়াতে এসব অঞ্চলের বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে উপকূলীয় এলাকা ও দেশের মধ্যাঞ্চলে বজ্রপাতের তীব্রতা কম থাকতে পারে। বর্ষণে শিলাবৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও শুরুর সময়ে কিছুটা দমকা হাওয়া বইতে পারে। দিনভর মেঘলা আবহাওয়ার কারণে দেশের কোথাও কোথাও মাত্র ২ থেকে ৪ ঘণ্টার মতো রোদের দেখা মিলতে পারে।
সমুদ্রের আবহাওয়ার বিষয়ে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নতুন কোনো লঘুচাপ বা সিস্টেম না থাকলেও উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। তবে বর্তমানে কোনো সতর্কসংকেত জারি করা হয়নি।
গতকাল ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ২৩.৭০ ডিগ্রি সেলসিয়াস।
আজ ৪ সেপ্টেম্বর ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।






