চলতি বৃষ্টিবলয় আর কতদিন, গরম কমবে কি

বৃষ্টির আগে ও বৃষ্টির সময় কিছুটা দমকা হাওয়াও হতে পারে। ছবি : সংগৃহীত
চলতি বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতিভারি বৃষ্টি। এর ফলে দেশের অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরম কিছুটা কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের (বিডব্লিউওটি) দৈনিক আবহাওয়া বার্তায় জানানো হয়েছে এসব তথ্য। সংস্থাটি জানিয়েছে, চলমান (অঘোষিত) বৃষ্টিবলয়টি গত ১ সেপ্টেম্বর থেকে আগাসীম ৫ সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে।
আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, এদিন দেশের অধিকাংশ এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। তুলনামূলক কম এলাকায় রোদের দেখা মিলতে পারে। চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘের পরিমাণ বেশি থাকতে পারে।
আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশের প্রায় অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় একটানা অতিভারি বৃষ্টিও হতে পারে।
এ ছাড়া রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
বৃষ্টির সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং পার্বত্য চট্টগ্রামের বৃষ্টিপ্রবণ এলাকায় মাঝারি বজ্রপাত হতে পারে। এ কারণে বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃষ্টির আগে ও বৃষ্টির সময় কিছুটা দমকা হাওয়াও হতে পারে। তবে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই।
বৃষ্টির কারণে দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য কমতে পারে। বৃষ্টি থেমে গেলে দেশের অল্প কিছু এলাকায় আবারও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা কম।
আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। তবে কোনো সতর্ক সংকেত নেই। এ মুহূর্তে কোনো আবহাওয়া সিস্টেমও নেই।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ২৩ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস।
আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্য উঠেছে সকাল ৫টা ৪১ মিনিটে। অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। এদিন দিনের দৈর্ঘ্য হবে ১২ ঘণ্টা ৩৩ মিনিট।






