বাংলাদেশের ‘হিন্দুদের অবস্থা’ দেখিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে প্রচারণা চালিয়েছে আরএসএস

সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ প্রসঙ্গ সবসময়েই উঠে আসে। তবে এবারের ভোটের অনেক আগে থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস বাংলাদেশের ‘হিন্দুদের অবস্থা’ দেখিয়ে প্রচার চালিয়েছে যে পশ্চিমবঙ্গের হিন্দুরাও ‘অস্তিত্বের সংকটে’ পড়তে পারেন।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিরাট সাফল্যের পিছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের অবদান নিয়ে আলোচনা চলছে।
সংঘ দীর্ঘদিন ধরে বলে থাকে যে তারা নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের পরে, আরএসএস পর্দার আড়ালে থেকেও কোনও নির্ণায়ক ভূমিকা পালন করেছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিজেপির মতাদর্শগত ভিত্তি হিসাবে পরিচিত আরএসএস এই নির্বাচনে আগের থেকেও বেশি সক্রিয়তা দেখিয়েছে বলে রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রকাশ্যে মাঠে নামা থেকে বিরত থেকেছিল সংঘ, তবে এবারের নির্বাচনে আরএসএস ও তার সহযোগী সংগঠনগুলো তৃণমূল স্তরে সমস্ত শক্তি নিয়েই নেমেছিল।
আরএসএসের এক প্রচারক বিবিসিকে জানিয়েছেন যে, এবারের নির্বাচনে শত শত স্বয়ংসেবক ও কর্মী একটাই বার্তা ছড়িয়ে দিয়েছেন যে, এই নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের ‘অস্তিত্বের’ প্রশ্ন রয়েছে।
সমালোচকরা মনে করেন যে নির্বাচনের সঙ্গে ‘অস্তিত্বের’ লড়াইয়ের কথা বলে ধর্মীয় মেরূকরণকে তীব্রতর করা হয়েছে।
শাখাগুলোর মাধ্যমে তৃণমূল স্তরে প্রভাব
আরএসএসের প্রাথমিক কেন্দ্রগুলোকে ‘শাখা’ বলা হয়। এই শাখাসমূহই সংঘের সব থেকে বড়ো শক্তি। আরএসএসের কর্মীদের স্বয়ংসেবক বলা হয়।
বর্তমানে পশ্চিমবঙ্গে সংঘের প্রায় সাড়ে চার হাজার শাখা সক্রিয় আছে। দশ বছর আগে এই সংখ্যা ছিল মাত্র এক হাজারের কাছাকাছি।
কলকাতার একটি শাখায় যোগ দেওয়া স্বয়ংসেবকরা বলছেন, কোনও নির্দিষ্ট দলের হয়ে প্রচার করা নয়, সংঘের কাজ হলো জনগণকে তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং রাষ্ট্রীয় স্বার্থের কথা তুলে ধরা।
সংঘের ‘প্রান্ত ব্যবস্থা প্রমুখ’ সীতারাম দাগার কথায়, স্বয়ংসেবকরা বাড়ি-বাড়ি গিয়ে জনগণকে ভোট দেওয়ার আবেদন জানান তবে তারা কোনও দলের নাম নেন না।
‘প্রান্ত ব্যবস্থা প্রমুখ’ আরএসএসের একটি পদের নাম, যার দায়িত্ব মূলত সংঘের কর্মসূচি বাস্তবায়নের ব্যবস্থাপনা করা।মি. দাগা বলছিলেন, ‘আমরা যখন কথা বলি, তখন এটাই জানাই যে, দেশের স্বার্থে যারা কাজ করছে, রাষ্ট্রীয় স্বার্থে কাজ করছে, যারা হিন্দুত্বের জন্য কাজ করছে, যারা সমাজের সেবা করছে, আপনারা তাকেই নির্বাচিত করুন।’‘আমরা এটা বলি না যে আপনারা বিজেপিকে বেছে নিন, তবে সংঘের স্বয়ংসেবকরা যেহেতু বিজেপিতেও রয়েছেন, তাই কিছু কথাবার্তা তো হয়ই। এটা তো সাধারণ মানুষও জানেন, বোঝেন, কিন্তু আমরা নিজের মুখে কখনোই এরকম প্রচার চালাই না,’ বলছিলেন মি. দাগা।সমালোচকরা অবশ্য যুক্তি দেন যে শাখাগুলোর মাধ্যমেই সমাজের মধ্যে দীর্ঘমেয়াদে মতাদর্শগত প্রভাব বিস্তার করা হয়।সংঘ এটা অস্বীকার করে, তবে এটাও সত্য যে নির্বাচনের সময়ে তৃণমূল স্তরে এই স্বয়ংসেবকদের উপস্থিতি টের পাওয়া যায়।






