কার্যবিবরণীর মান নিয়ে অসন্তোষ সংসদীয় কমিটির

সংগৃহীত ছবি
জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে কার্যপত্র ও কার্যবিবরণী প্রণয়ন পদ্ধতি ও তার মান নিয়ে তীব্র অসন্তোষ ও প্রশ্ন তুলেছেন কমিটির সদস্যরা। ফলে অনাকাঙ্ক্ষিতভাবে অস্পষ্ট ও অসম্পূর্ণ কার্যপত্র সরবরাহের ঘটনায় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। বৈঠক থেকে কার্যপত্র আরও সুসংগঠিত, সুস্পষ্ট ও মানসম্মতভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৩ আগস্ট অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যবিবরণী এবং বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ রবিবার কমিটির চতুর্থ বৈঠকে এ কার্যবিবরণী সর্বসম্মতভাবে পাস করা হয়। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. সফিকুর রহমান (কিরন), মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন ও মো. আবুল হাসনাত (আব্দুল্লাহ)।
বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা মন্ত্রণালয় বিস্তারিতভাবে উপস্থাপন করে। উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় কমিটির সদস্যরা মন্ত্রণালয়কে স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়নের ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তী বৈঠকে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয় বৈঠকে।
সূত্র জানায়, দ্বিতীয় বৈঠকে সভাপতির সূচনা বক্তব্যের পরপরই প্রথম বৈঠকের কার্যবিবরণী উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে নিশ্চিত করা হয়। এ কার্যপত্র ও কার্যবিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক মান বজায় রাখা নিয়ে আলোচনার সূত্রপাত করেন কমিটির সদস্য ও জামায়াতের এমপি মো. সাইফুল আলম খান মিলন।
এ সময় তিনি বৈঠকের কার্যপত্র আরও সুসংগঠিত, সুস্পষ্ট ও মানসম্মতভাবে উপস্থাপনের ওপর জোর দিয়ে বলেন, প্রতিটি বিষয় আলাদাভাবে আলোচনা, প্রস্তাবনা ও প্রয়োজনীয় তথ্যসহ যথাযথভাবে উপস্থাপন করা উচিত। যেন কমিটির সদস্যদের জন্য বিষয়গুলো সহজে অনুধাবন করা সম্ভব হয়। ভবিষ্যতে বৈঠকের কার্যপত্র প্রাতিষ্ঠানিক মান বজায় রেখে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রস্তুত করার পরামর্শ দেন।
এরপরই কমিটির সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি কার্যপত্র ও কার্যবিবরণী প্রণয়নে সংসদীয় কমিটির নির্ধারিত কাঠামো ও পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কার্যবিবরণীতে আলোচনার বিষয়, আলোচনাকারীর বক্তব্য এবং গৃহীত সিদ্ধান্ত পৃথকভাবে উল্লেখ করার নির্দেশনা দেন। এ ছাড়া কার্যপত্রের শুরুতে বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি বা গৃহীত পদক্ষেপ বিষয়ে উপস্থাপনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, কার্যপত্র সহজবোধ্য, সুসংগঠিত ও পাঠযোগ্যভাবে প্রস্তুত করে যথাসময়ে কমিটির সদস্যদের সরবরাহ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রয়োজন।
বৈঠক সূত্র জানায়, কর্যিবিবরণী নিয়ে কমিটির এ দুই সদস্যের এমন পর্যবেক্ষণের পরই বৈঠকে উপস্থিত সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া অনাকাঙ্ক্ষিতভাবে অস্পষ্ট ও অসম্পূর্ণ কার্যপত্র সরবরাহের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, ভবিষ্যতে কমিটির কার্যপত্র ও সংশ্লিষ্ট নথিপ্রত্র যথাযথভাবে প্রস্তুত, পাঠযোগ্য ও সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় কমিটির সভাপতি প্রতিটি সভার শুরুতে পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন কার্যপত্রে নিয়মিতভাবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন।
বৈঠকে এনবিআর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, এনবিআর সদস্য মো. আজিজুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোধ শাহরিয়ার কাদের ছিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিজ নাজমা মোবারক, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও করনীতি এর প্রথম সচিব মো. জাফর ইমামসহ এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কমিটিকে সাচিবিক সহায়তার জন্য সংসদের পরিচালক (সিস্টেম ম্যানেজমেন্ট) মো. আশীফ ইকবাল, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতির একান্ত সচিব সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া, সিনিয়র সহকারী সচিব এস এম আলমগীর, সহকারী পরিচালক (রিপোর্টিং) এ জে এম মুজাহিদ আল মঞ্জুর, সহকারী পরিচালক (রিপোর্টিং) শোয়েব খান ও সহকারী পরিচালক (গণসংযোগ-১) তানজীনা তানীনসহ সংসদ সচিবালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।




