দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

সংগৃহীত ছবি
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সৈকত এবং কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে তন্ময়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনজন আহত হন। এতে তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের দাবি, তন্ময়কে প্রায়ই এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসক ডা. আজাদ রহমান জানান, আলমগীর প্রধানকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। আহত দুজনের মধ্যে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




