রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
এখনো অনিশ্চিত বিপজ্জনক স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা
- রাশিয়ায় সরানোর চুক্তি হলেও চূড়ান্ত হয়নি ৯ বছরে
- দীর্ঘসূত্রতায় কমে আসছে দরকষাকষির সুযোগ

গ্রাফিকস: আগামীর সময়
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। কিন্তু এ বিদ্যুৎ উৎপাদনের পর স্পেন্ট ফুয়েল বা ব্যবহৃত ক্ষতিকর পারমাণবিক জ্বালানির পরিণতি কী হবে, তা নিশ্চিত নয়। নির্মাণকাজের শুরু থেকেই বর্জ্যগুলো রাশিয়ার ফিরিয়ে নেওয়ার কথা থাকলেও কবে, কীভাবে এবং কত খরচে তা বাংলাদেশ থেকে সরানো হবে— চূড়ান্ত হয়নি তার বাণিজ্যিক ও বাস্তবায়ন-সংক্রান্ত ব্যবস্থা। এ কারণে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হলেও এর সবচেয়ে স্পর্শকাতর বর্জ্য ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কাটেনি অনিশ্চয়তা।
তীব্র তাপ ও তেজস্ক্রিয়ার কারণে এ স্পেন্ট ফুয়েল মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এটি বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে হয়। কিন্তু সেই সক্ষমতা বাংলাদেশের না থাকায় রাশিয়া এটি ফেরত নেবে— এমন কথা ছিল। এজন্য ২০১৭ সালের ৩০ আগস্ট সম্মত হয়েছে দুই দেশ; কিন্তু ৯ বছরেও সই হয়নি এ-সংক্রান্ত চূড়ান্ত বা আইনি চুক্তি। এই দীর্ঘসূত্রতা, বৈশ্বিক ভূরাজনৈতিক ও কারিগরি বাস্তবতায় এ ইস্যুতে রাশিয়ার সঙ্গে দরকষাকষির সুযোগ যেমন সংকুচিত হয়ে আসছে, তেমনি ভবিষ্যৎ খরচ, নিরাপত্তা ও সংরক্ষণ দায়িত্ব নিয়ে বাংলাদেশের সামনে দাঁড়াচ্ছে জটিল প্রশ্ন। আবার বিষয়টি সুরাহা না হওয়ায় পারমাণবিক বিদ্যুতের প্রকৃত দাম কত হবে, তা নিয়েও তৈরি হয়েছে সংকট। কারণ, অন্যান্য খরচের সঙ্গে এ ব্যয় বিবেচনায় নিয়েই নির্ধারণ করতে হবে বিদ্যুতের দাম।
রূপপুরে একবার পারমাণবিক জ্বালানি লোড করার পর প্রথমে একটানা চলবে দেড় বছর। পরে চলবে দুই বছর পর্যন্ত। এরপর এক-তৃতীয়াংশ করে জ্বালানি পরিবর্তন করে লোড করতে হবে নতুন জ্বালানি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম-২৩৫। পারমাণবিক চুল্লিতে এ জ্বালানি শতভাগ ব্যবহৃত হয় না। যেটুকু অবশিষ্ট থাকে, সেটাকেই বলে স্পেন্ট ফুয়েল বা তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য।
ব্যবহৃত জ্বালানি প্রথমে চুল্লি ভবনের ভেতরে গভীর পানির পুলে কয়েক বছর রেখে ঠান্ডা করা হয়, যেখানে পানি তাপ শুষে নেয় এবং তেজস্ক্রিয় বিকিরণ আটকে দেয়। তাপমাত্রা কিছুটা কমলে জ্বালানিবিশেষ পুরু স্টিল ও কংক্রিটের শুকনো পাত্রে বা ড্রাই ক্যাস্কে ভরে কেন্দ্র প্রাঙ্গণে অথবা বিশেষ ব্যবস্থায় আলাদা সংরক্ষণ কেন্দ্রে রাখা হয়।
প্রকল্পের কর্মকর্তাদের ভাষ্য, রূপপুরে ব্যবহৃত জ্বালানিকেন্দ্রের নিজস্ব সংরক্ষণাগারে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সংরক্ষণের সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থায় তা পাঠানো হবে রাশিয়ায়।
প্রকল্পের পরিচালক ড. কবীর হোসেনের ভাষ্য, ‘এই মুহূর্তে আমরা এটা নিয়ে একেবারেই ভাবছি না। কারণ, ১০ বছরের জন্য স্পেন্ট ফুয়েল সংরক্ষণের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। ততদিনে প্রযুক্তি কোথায় যাবে? আদৌ এটা রাশিয়ায় পাঠানোর দরকার পড়বে কি না, তখন দেখা যাবে? তা ছাড়া এটা রাশিয়ায় ফেরত পাঠাতে অর্থ ও অন্যান্য বিষয় রয়েছে। আগে আমরা বিদ্যুৎ উৎপাদন করে আয় করি, তারপর দেখা যাবে।’
কিন্তু এ স্পেন্ট ফুয়েল ফেরত পাঠাতে যে ব্যয় হবে, সেই অর্থও তো বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষেত্রে জরুরি? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রকল্প পরিচালকের বক্তব্য হলো— এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
তবে প্রকল্প পরিচালকের বক্তব্যের ভিন্নমত পোষণ করলেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নানা সীমাবদ্ধতার কারণে আগামী ১০ বছর কেন, তারপরও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা অর্জনের সম্ভাবনা ক্ষীণ। কারণ উন্নত বিশ্বের অনেক দেশই এ সক্ষমতা অর্জন করতে পারেনি।
ব্যবহৃত পারমাণবিক জ্বালানির চূড়ান্ত ব্যবস্থাপনায় বিশ্ব জুড়ে মূলত দুটি পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথমটি হলো পুনঃপ্রক্রিয়াকরণ (রিপ্রসেসিং), যার মাধ্যমে ব্যবহৃত জ্বালানি থেকে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মতো উপাদান পৃথক করে ব্যবহার হয় নতুন জ্বালানি তৈরিতে। অবশিষ্ট উচ্চ তেজস্ক্রিয় বর্জ্য বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ ও চূড়ান্ত নিষ্পত্তি করা হয়। দ্বিতীয় পদ্ধতিতে পুনঃপ্রক্রিয়াকরণ ছাড়াই ব্যবহৃত জ্বালানি দীর্ঘমেয়াদি সংরক্ষণের পর বিশেষ ক্যানিস্টারে মাটির গভীরে সংরক্ষণাগারে রাখা হয়।
রাশিয়া পুনঃপ্রক্রিয়াকরণ পদ্ধতি অনুসরণ করে এবং অবশিষ্ট উচ্চ তেজস্ক্রিয় বর্জ্য জনমানবশূন্য এলাকায় মাটির প্রায় ৪০০ মিটার গভীরে পুঁতে রাখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ডসহ কয়েকটি দেশ গভীর ভূগর্ভস্থ স্থায়ী সংরক্ষণাগার নির্মাণ করছে। এ ধরনের স্থাপনা সাধারণত ভূপৃষ্ঠ থেকে কয়েকশ মিটার গভীরে নির্মাণ করা হয়। তবে এটি অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি ভূতাত্ত্বিক গবেষণা, নিরাপত্তা যাচাই ও প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োজন।
পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। বর্তমান বিশ্বে যেসব প্রযুক্তি রয়েছে তার মধ্যে স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা সবচেয়ে স্পর্শকাতর ও জটিল প্রযুক্তি।
এক্ষেত্রে প্রযুক্তি, ব্যয়, বিশেষায়িত জনবল, নিরাপত্তা, অপব্যবহার রোধ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষাবিধি অনুসরণ গুরুত্বপূর্ণ। এর সঙ্গে ভূরাজনৈতিক ইস্যুসহ নানা বিষয় রয়েছে। বাংলাদেশের মতো জনবহুল ও সীমিত ভূখণ্ডের দেশে গভীর ভূগর্ভস্থ স্থায়ী সংরক্ষণাগার নির্মাণও বড় চ্যালেঞ্জ। আবার প্রয়োজনীয় প্রযুক্তি, দক্ষ জনবল ও অবকাঠামোগত সক্ষমতাও এখনো গড়ে ওঠেনি। অদূর ভবিষ্যতেও সেই সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।
এ কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর পরামর্শ হলো— যেসব দেশ অন্য দেশের সহায়তায় নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে বা এ ধরনের কেন্দ্রের সংখ্যা অনেক কম, তারা যে দেশ থেকে এ জ্বালানি আমদানি করবে, সে দেশেই তা ব্যবহারের পর ফেরত পাঠাবে দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার জন্য। এ ছাড়া বাংলাদেশে ২০১৯ সালের জাতীয় নীতিমালায় তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনার কাঠামো নির্ধারণ করা হয়েছে।
এসব বাস্তবতায় ব্যবহৃত জ্বালানি সরবরাহকারী দেশ রাশিয়ায় ফেরত পাঠানো বাংলাদেশের জন্য একমাত্র উপায় বলে মনে করছেন পরমাণু বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবহৃত জ্বালানি ফেরত নেওয়ার বিষয়ে রাশিয়া সম্মত হয়েছে এবং দুই দেশের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় চুক্তিও হয়েছে। সেক্ষেত্রে পরিবহন, সংরক্ষণ ও অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ।
বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্টরা বলছেন, আন্তঃরাষ্ট্রীয় চুক্তির কাঠামো থাকলেও ফেরত পাঠানোর ব্যয়, পরিবহন, সংরক্ষণ, পুনঃপ্রক্রিয়াকরণ এবং পরবর্তী বর্জ্যের দায়সহ বিস্তারিত বিষয়গুলো কার্যকর বাণিজ্যিক ও আইনগত চুক্তিতে স্পষ্ট করা জরুরি। সবকিছু ভালোভাবে বুঝে এ চুক্তি করতেও দু-এক বছর সময় লাগবে।
তাদের মতে, এ চুক্তি চূড়ান্ত করতে দেরি হলে ভবিষ্যতে ব্যয় ও শর্ত নিয়ে দরকষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে। ভূরাজনৈতিক ইস্যুও এখানে বিবেচনায় রাখতে হবে। কারণ, অতীতের নিষেধাজ্ঞাজনিত জটিলতায় রূপপুরের যন্ত্রপাতি সরবরাহ ও অর্থ পরিশোধে সমস্যা তৈরি হয়েছিল। সর্বশেষ পাকিস্তানের আপত্তিতে পারমাণবিক জ্বালানির একটা চালান আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও রািশয়া পরে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই ওই জ্বালানি বাংলাদেশে এনেছে। তাই বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করে দ্রুত এ চুক্তি নিষ্পন্ন করার পাশাপাশি সম্ভাব্য ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় আগাম পরিকল্পনা ও কার্যকর ‘পারমাণবিক কূটনীতি’ এখনই জোরদার করা জরুরি।
পরমাণু বিশেষজ্ঞ অধ্যাপক ড. শফিকুল ইসলাম আগামীর সময়কে বলছিলেন, স্পেন্ট ফুয়েল খুবই বিপজ্জনক। দীর্ঘমেয়াদে সংরক্ষণ করাও ব্যয়বহুল। রাশিয়ায় কোন প্রক্রিয়ায় এগুলো পাঠানো হবে, ব্যয় কত হবে— সে বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার।
‘একই সঙ্গে আরেকটি উদ্বেগের বিষয় হলো— স্পেন্ট ফুয়েলের বাইরে সেখানে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পারমাণবিক বর্জ্য তৈরি হবে তার সঠিক ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরি এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করা উচিত। আর দেরি না করে বাণিজ্যিক উৎপাদনের আগেই গুরুত্বপূর্ণ এসব কাজ শেষ করা খুবই জরুরি’— যোগ করলেন তিনি।
একসময় ফিনল্যান্ডের লোভিসা কেন্দ্রসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশের ব্যবহৃত জ্বালানি রাশিয়ায় পাঠানো হতো। পরে ফিনল্যান্ড নিজস্ব ব্যবস্থাপনায় চূড়ান্ত নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়। ইউক্রেনও নিজস্ব সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলেছে। অন্যদিকে ইরানের বুশেহর ও তুরস্কের আক্কুয়ু প্রকল্পে ব্যবহৃত জ্বালানি ফেরত নেওয়ার ব্যবস্থা রয়েছে। ভারতের কুদানকুলাম প্রকল্পে রাশিয়া জ্বালানি সরবরাহ করলেও ব্যবহৃত জ্বালানি ভারতে সংরক্ষণ করা হচ্ছে। পাকিস্তানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যবহৃত জ্বালানিও মূলত দেশীয় ব্যবস্থায় সংরক্ষণ করা হয়।



