চিলড্রেন ক্লাইমেট রিস্ক রিপোর্ট ও সেভ দ্য চিলড্রেনের তথ্য
ভবিষ্যৎ অনিশ্চিত ৫ কোটি ৩০ লাখ শিশুর

গ্রাফিকস: আগামীর সময়
আজ যে শিশু, পৃথিবীর আলোয় এসেছে/আমরা তার তরে একটি সাজানো বাগান চাই/আজ যে শিশু, মায়ের হাসিতে ভেসেছে/আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই— গানের কথাগুলো স্বপ্ন দেখায় শিশুদের সুন্দর ভবিষ্যতের, প্রজন্ম থেকে প্রজন্মে সুন্দর পৃথিবী গড়ার। কিন্তু যে শিশুরা গড়বে আগামীর পৃথিবী, তারাই আজ বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে।
সম্প্রতি প্রকাশিত ইউনিসেফের চিলড্রেন ক্লাইমেট রিস্ক রিপোর্ট ও সেভ দ্য চিলড্রেনের তথ্য সামনে এনেছে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে কোটি কোটি শিশুর বিপন্ন ভবিষ্যতের শঙ্কার কথা। কখনো তীব্র তাপপ্রবাহ, কখনো বন্যা, ঘূর্ণিঝড় কিংবা নদীভাঙনের মতো দুর্যোগ বাধাগ্রস্ত করছে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও স্বাভাবিক বিকাশকে।
জাতিসংঘের সংস্থাটির তথ্য অনুযায়ী, বাংলাদেশেই প্রায় ৫ কোটি ৯০ লাখ শিশুর জীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ করে তুলছে বন্যা-নদীভাঙন, ঘূর্ণিঝড় ও খরার মতো দুর্যোগগুলো। তারা উল্লিখিত দুর্যোগগুলোর কোনো না কোনো একটির শিকার। অন্যদিকে ওই শিশুদের মধ্যে প্রায় ৫ কোটি ৩০ লাখ, অর্থাৎ প্রায় ৯০ শতাংশই একসঙ্গে অন্তত তিন ধরনের জলবায়ুঝুঁকির মুখে।
সেফ দ্য চিলড্রেন বাংলাদেশের করা এক জরিপ বলছে, জরিপে অংশ নেওয়া প্রায় সব শিশু (৯৬ শতাংশ) গত দুই বছরে অন্তত একটি দুর্যোগের অভিজ্ঞতার কথা জানিয়েছে। এ ছাড়া গত এক বছরে দুর্যোগ বা আবহাওয়াজনিত কারণে বিদ্যালয়পড়ুয়া ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ ছিল। এ ছাড়া দুর্যোগ বা তাপপ্রবাহের পর ৮০ শতাংশ শিশু অসুস্থ হয়েছে এবং ৫৩ শতাংশ শিশু নিরাপদ পানীয়জল পেতে সমস্যার মুখে পড়ছে।
সংস্থা দুটির প্রতিবেদনের সত্যতা মেলে জামালপুরের মাদারগঞ্জের ১৬ বছর বয়সী জেরিনের কথায়। বর্ষায় যমুনার পানি বাড়লে প্লাবিত হয় জেরিনদের গ্রাম। ডুবে যায় নলকূপ ও শৌচাগার। তখন বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, বাড়ে পানিবাহিত রোগের ঝুঁকি। আশ্রয়কেন্দ্র কিংবা উঁচু স্থানে আশ্রয় মিললেও তার মতো মেয়েদের জন্য তৈরি হয় নতুন সংকট। থাকে না নিরাপদ শৌচাগার ও গোসলের ব্যবস্থা। ওই সময়ের মধ্যে ঋতুস্রাব হলে আরও প্রকট হয় তাদের সংকট।
তবে একটি দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার পর জেরিন নিরাপদ পানি বিশুদ্ধকরণ, স্বাস্থ্যবিধি ও বন্যার আগাম সতর্কবার্তা সম্পর্কে জানতে পারে। এখন সে নিজের পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করার চেষ্টা করছে। ইউনিসেফের করা ‘চিলড্রেন ক্লাইমেট রিস্ক রিপোর্ট’ বলছে, জেরিনের এই অভিজ্ঞতা বাংলাদেশের জলবায়ুঝুঁকিতে থাকা শিশুদের জীবনের একটি বাস্তব চিত্র।
শুধু জেরিন নয়, দেশের কোটি শিশুর জীবন এখন জলবায়ু পরিবর্তনের অভিঘাতে অনিশ্চিত। শিশুদের কাছে শুধু পরিবেশগত সংকট নয়; এটি তাদের প্রতিদিনের জীবন ও বেঁচে থাকার লড়াই। চিলড্রেন ক্লাইমেট রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, বাংলাদেশের ৯৮ দশমিক ৪৪ শতাংশ শিশু খরা, ৯১ দশমিক ২৩ শতাংশ ঘূর্ণিঝড়, ৮২ দশমিক ৮৭ শতাংশ অতিরিক্ত তাপমাত্রা এবং ৫৪ দশমিক ১৮ শতাংশ নদীর বন্যার ঝুঁকির মুখে রয়েছে।
বাংলাদেশের শিশুদের জন্য জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ব্যাপক হুমকি হয়ে উঠেছে খরা। প্রতিবেদন বলছে, দেশের প্রায় ৫ কোটি ৭৯ লাখ শিশু খরাঝুঁকিতে রয়েছে, যা মোট শিশুর ৯৮ দশমিক ৪৪ শতাংশ। তাদের মধ্যে ৫ কোটি ৪০ লাখ শিশু কৃষিজনিত খরা এবং ৫ কোটি ৩০ লাখ শিশু আবহাওয়াজনিত খরার ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের ঝুঁকিতে রয়েছে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু (৯১ দশমিক ২৩ শতাংশ)। নদীতীরবর্তী বন্যার ঝুঁকিতে রয়েছে ৩ কোটি ২০ লাখ শিশু (৫৪ দশমিক ১৮ শতাংশ)।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যও সমর্থন করছে ইউনিসেফের প্রতিবেদনকে। বিবিএসের তথ্য অনুযায়ী, নদীভাঙনে প্রতি বছর গড়ে ১৫ হাজারের বেশি মানুষ বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হন। অন্যদিকে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৭৭ লাখের বেশি মানুষ। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ কোটি ৬৯ লাখ এবং ঘূর্ণিঝড়ে প্রায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ।
জলবায়ুর এই পরিবর্তনের প্রভাব পড়ছে শিশুদের স্বাস্থ্যেও। তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন বদলে গেলে মশার বংশবিস্তার এবং রোগ ছড়ানোর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো রোগ। প্রতি বছর ঝরছে হাজার হাজার প্রাণ।
ব্যাহত শিশুদের শিক্ষাজীবন
‘ইউনিসেফের লার্নিং ইন্টারাপ্টেড’ শীর্ষক দুটি প্রতিবেদনে ২০২৪ ও ২০২৫ সালে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব জুড়ে শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের ২৪ জানুয়ারি প্রকাশিত প্রথম প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বের ৮৫টি দেশ ও অঞ্চলের অন্তত ২৪ কোটি ২০ লাখ শিক্ষার্থীর পড়াশোনা জলবায়ুজনিত দুর্যোগে ব্যাহত হয়। বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩ কোটি ৫০ লাখ শিশু। তীব্র তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় রেমাল ও বন্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় শ্রেণিকক্ষের বাইরে ছিল।
বিশ্বে বাংলাদেশের অবস্থান
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক জলবায়ু বিপদ সূচকে ১০-এর মধ্যে ৯ দশমিক ৩৮ স্কোর নিয়ে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। অন্যদিকে জার্মানভিত্তিক গবেষণা সংস্থা জার্মানওয়াচের ‘ক্লাইমেট রিস্ক ইনডেক্স (সিআরআই) ২০২৬’ অনুযায়ী, ১৯৯৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত জলবায়ুজনিত চরম আবহাওয়ার ক্ষয়ক্ষতির হিসাবে বিশ্বের ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
উদ্বিগ্ন সেভ দ্য চিলড্রেন
গত ৯-১৭ অক্টোবর পর্যন্ত ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) ১৭২ শিশু গবেষক ৩৮টি জেলার জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার ১০-১৭ বছর বয়সী ১ হাজার ৩৭৫ শিশুর সাক্ষাৎকার নিয়েছেন। জরিপে অংশ নেওয়া এলাকাগুলোয় জলবায়ু পরিবর্তন এরই মধ্যে শিশুদের শৈশবের বাস্তবতার অংশ হয়ে উঠেছে। প্রায় সব শিশু (৯৬ শতাংশ) গত দুই বছরে অন্তত একটি দুর্যোগের অভিজ্ঞতার কথা জানিয়েছে। সবচেয়ে বেশি দেখা গেছে তীব্র তাপপ্রবাহ (৫৫ শতাংশ), এরপর রয়েছে বন্যা (৪২ শতাংশ)।
গত এক বছরে দুর্যোগ বা আবহাওয়াজনিত কারণে বিদ্যালয়পড়ুয়া ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ ছিল। দুর্যোগ বা তাপপ্রবাহের পর ৮০ শতাংশ শিশু অসুস্থ হয়েছে এবং ৫৩ শতাংশ শিশু নিরাপদ পানীয়জল পেতে সমস্যার মুখে পড়ছে।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলছেন, ‘বাংলাদেশের শিশুরা এই সংকট সৃষ্টির জন্য কোনোভাবেই দায়ী নয়, অথচ তারাই সবচেয়ে বেশি ভুগছে। জরিপে তাদের সুনির্দিষ্ট চাহিদাগুলো উঠে এসেছে, এসব চাহিদা ও সমস্যার সমাধান নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত সম্প্রতি বলেছেন, ‘তাপপ্রবাহের সময় স্কুলে স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য পৌঁছানো জরুরি। স্থায়ী চিকিৎসক না থাকলেও মোবাইল স্বাস্থ্যসেবা দল বা ভিজিটিং নার্স-চিকিৎসকের মাধ্যমে স্কুল পরিদর্শন করা যেতে পারে।’ তিনি আগাম সতর্কবার্তা ও সময়োপযোগী প্রস্তুতির ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে গবেষণার আহ্বান জানিয়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, ‘তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তন মশার জীবনচক্র এবং রোগ ছড়ানোর পরিবেশকে প্রভাবিত করে। তবে ডেঙ্গু বিস্তারের পেছনে জলবায়ুর পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণ, পানি জমে থাকা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণের দুর্বলতাও ভূমিকা রাখে।’ তার ভাষ্য, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও খরায় ফসল উৎপাদন ব্যাহত হলে শিশুদের পুষ্টিকর খাবারের সংকট তৈরি হয়। এতে অপুষ্টি, খর্বাকৃতি, ওজন হ্রাস ও রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শিশুদের জলবায়ুঝুঁকি মোকাবিলায় নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত খাবার, পর্যাপ্ত পানি পান ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনেও এসেছে শিশুদের এই সংকটের আলোচনা। বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ২ দশমিক ৪ শতাংশ ব্যয় হয় শিশু-সংবেদনশীল কার্যক্রমে। যার সুফল শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। এ পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন ও অর্থ প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, জলবায়ু অর্থায়ন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা



