ডায়ালাইসিস মেশিন ক্রয়
৪১ কোটি টাকা বাড়তি খরচ, তবুও পুরনো মডেলে চোখ
- ১ হাজার ৩০টি মেশিন কেনার উদ্যোগ
- বরাদ্দের মধ্যেই এইচডিএফ মেশিন কেনা সম্ভব
- দরপত্রের শর্তে বারবার পরিবর্তন
- তিন বছরের ওয়ারেন্টিতে বাড়বে সরকারের ব্যয়

গ্রাফিকস: আগামীর সময়
কিডনি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ২২টি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালগুলোতে হেমোডায়ালাইসিস মেশিন কেনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি মেশিন কিনতে ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা। অথচ এর আগের দরপত্রে একই ধরনের মেশিনের একক বাজারমূল্য ছিল ২১ লাখ টাকা। অর্থাৎ প্রতিটি মেশিনে ব্যয় বেড়েছে ৪ লাখ টাকা। সেই হিসাবে ১ হাজার ৩০টি মেশিন কিনতে অতিরিক্ত ব্যয় হতে পারে ৪১ কোটি ২০ লাখ টাকা। বাজারমূল্য ও দরপত্রে নির্ধারিত এই পার্থক্য সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।
অথচ এই বাড়তি বরাদ্দের মধ্যেই উন্নত প্রযুক্তির হেমোডায়াফিল্ট্রেশন (এইচডিএফ) সুবিধাসম্পন্ন মেশিন কেনা সম্ভব। তবে সর্বশেষ দরপত্রে সেই প্রযুক্তিকে নিশ্চিত করা হয়নি। উল্টো মেশিনের মনিটরের আকার ১৫ থেকে কমিয়ে ১০ ইঞ্চি করা হয়েছে, কমানো হয়েছে ওয়ারেন্টির মেয়াদও। সরকারি অর্থে ডায়ালাইসিস মেশিন কেনার এই উদ্যোগে রোগীদের আধুনিক চিকিৎসাসুবিধার চেয়ে নির্দিষ্ট প্রতিষ্ঠানের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগও উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, হেমোডায়ালাইসিস মেশিন কিডনি রোগীদের জন্য অত্যাবশ্যকীয় জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম। তবে হেমোডায়ালাইসিসে শুধু ডিফিউশন পদ্ধতিতে রক্ত পরিষ্কার করা হয়, যা মূলত ছোট আকারের বর্জ্য দূর করে। অন্যদিকে, হেমোডায়াফিল্ট্রেশন হলো একটি উন্নত পদ্ধতি, যেখানে ডিফিউশনের পাশাপাশি কনভেকশন প্রক্রিয়াও যুক্ত থাকে। এর ফলে ছোট বর্জ্যের পাশাপাশি মাঝারি আকারের জটিল বিষাক্ত পদার্থও রক্ত থেকে কার্যকরভাবে দূর হয়।
তারা বলছেন, আধুনিক এইচডিএফ সুবিধাসম্পন্ন মেশিনে এইচডি ও এইচডিএফ— দুই ধরনের চিকিৎসাই দেওয়া সম্ভব। ফলে রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি বেছে নেওয়া যায়। এমনকি এইচডি চিকিৎসা চলাকালে রোগীর শারীরিক প্রয়োজন পরিবর্তিত হলে উপযুক্ত ক্ষেত্রে এইচডিএফ চিকিৎসায় যাওয়ার সুযোগও থাকে। এক্ষেত্রে মেশিন পরিবর্তনের পরিবর্তে নির্দিষ্ট এইচডিএফ ব্লাড টিউব সেট পরিবর্তন করেই চিকিৎসাপদ্ধতি পরিবর্তন করা সম্ভব বলে সংশ্লিষ্টদের দাবি।
বিশেষজ্ঞদের ভাষ্য, এইচডিএফ ব্লাড টিউব সেট ও এইচডি ব্লাড টিউব সেটের দামের পার্থক্য মাত্র ১০০ টাকা। অথচ এইচডিএফ সুবিধা না থাকলে রোগীরা উন্নত চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ বিকল্প থেকে বঞ্চিত হবেন। আধুনিক এইচডিএফ প্রযুক্তিতে রক্ত থেকে ছোট ও মাঝারি আণবিক বর্জ্য পদার্থের পাশাপাশি বিটা-২ মাইক্রোগ্লোবুলিনের মতো কিছু মধ্যম আণবিক ওজনের টক্সিন অপসারণে অধিক কার্যকারিতা পাওয়া যায়।
তারা বলছেন, প্রকল্পের নির্ধারিত বরাদ্দের মধ্যেই এইচডিএফ সুবিধাসম্পন্ন মেশিন কেনা সম্ভব। এমনকি উন্নত প্রযুক্তির মেশিন কিনলেও বরাদ্দের অর্থ সাশ্রয় হতে পারে।
মনিটরের আকার কমানোর যৌক্তিকতা কী
দরপত্রের কারিগরি শর্তেও অসংগতি রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। প্রকল্পে ডায়ালাইসিস মেশিনের মনিটরের আকার চাওয়া হয়েছে ১০ ইঞ্চি বা তারও কম। অথচ আন্তর্জাতিক বাজারে পরিচিত নির্মাতাদের আধুনিক ডায়ালাইসিস মেশিনে সাধারণত ১০ ইঞ্চির বেশি আকারের মনিটর ব্যবহৃত হয়।
আন্তর্জাতিক বাজারে জার্মানির ফ্রেজিনিয়াসের ৫০০৮এস, বি ব্রাউনের ডায়ালগ+, জাপানের নিপ্রো এনসিইউ-১৮, নিক্কিসোর ডিবিবি-ইএক্স ও ডিবিবি-০৭, সুইডেনের গ্যামব্রোর আর্টস ফিজিও প্লাস এবং জাপানের টোরাই টিআর-৮০০০ ও টিআর-৩৩০০এস মডেলের মতো বিভিন্ন মেশিনে এইচডিএফ বা অনলাইন এইচডিএফ সুবিধা রয়েছে। তবে মডেল ও কনফিগারেশনভেদে এসব সুবিধার পার্থক্য হতে পারে।
টেন্ডারের কপি থেকে জানা যায়, আগে দরপত্রে মনিটরের আকার ১৫ ইঞ্চি চাওয়া হলেও সর্বশেষ দরপত্রে তা কমিয়ে ১০ ইঞ্চি করা হয়েছে। তাদের আশঙ্কা, প্রযুক্তিগত শর্তের এই পরিবর্তনের মাধ্যমে প্রতিযোগিতার ক্ষেত্র সংকুচিত করে নির্দিষ্ট প্রতিষ্ঠানের মেশিন কেনার সুযোগ তৈরি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ওই প্রতিষ্ঠানের পুরনো মজুদ পণ্য সরবরাহের উপযোগী করেই কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণের চেষ্টা চলছে।
তিন দফায় দরপত্রে পরিবর্তন
প্রকল্পের দরপত্রের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, শুরু থেকেই কেনাকাটার প্রক্রিয়ায় একাধিকবার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্রথম দফায় ২০২৪ সালের ১৭ অক্টোবর দরপত্র জমা ও খোলার দিন নির্ধারণ করা হয়েছিল। প্রথম দরপত্রের টিআইডি-১০০৩৭২৩ নম্বরে মেশিনে এইচডি, এইচএফ ও এইচডিএফ অনলাইন থেরাপির সক্ষমতা বাধ্যতামূলক করা হয়েছিল। এতে একই মেশিনে রোগীর প্রয়োজন অনুযায়ী এইচডি ও এইচডিএফ— দুই ধরনের চিকিৎসা দেওয়ার সুযোগ রাখার কথা ছিল। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ওই দরপত্র বাতিল করা হয় বলে অভিযোগ রয়েছে।
প্রথম দরপত্রে অংশগ্রহণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ৭০ কোটি টাকার কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। পরে তৎকালীন প্রকল্প পরিচালক মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিয়ে অভিজ্ঞতার শর্ত কমিয়ে দেড় কোটি টাকা করে আবার দরপত্র আহ্বান করেন। এতে অধিকসংখ্যক দরদাতার অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। ওই সময় ১৫ ইঞ্চি মনিটর ও এইচডিএফ সুবিধাসহ মেশিনের একক বাজারমূল্য ছিল ২১ লাখ টাকা। কিন্তু দ্বিতীয় দফার দরপত্রটিও বাতিল করা হয়।
পরে বাজেট বাড়িয়ে আন্তর্জাতিক দরপত্রে মেশিনের একক বাজারমূল্য নির্ধারণ করা হয় ২৫ লাখ টাকা। সর্বশেষ দরপত্রে আবারও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবার ঠিকাদারি প্রতিষ্ঠানের ১৬০ কোটি টাকার কাজের অভিজ্ঞতার পাশাপাশি অন্তত ১ হাজার ৩০টি ডায়ালাইসিস মেশিন সরবরাহ ও স্থাপনের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অন্যদিকে, মেশিনের মনিটরের আকার ১৫ থেকে কমিয়ে ১০ ইঞ্চি করা হয়েছে। সর্বশেষ দরপত্রে ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দরপত্রের বিভিন্ন শর্ত সংশোধনের জন্য ১২টি পৃথক প্রতিষ্ঠান আবেদন করলেও প্রকল্প পরিচালক সেগুলো বিবেচনায় নেননি। আগের শর্তগুলোই বহাল রাখা হয়েছে।
পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের ওয়ারেন্টি
শুধু মেশিনের প্রযুক্তিগত সক্ষমতা নয়, ওয়ারেন্টির মেয়াদ নিয়েও আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, আগের দরপত্রে মেশিনের ওয়ারেন্টি পাঁচ বছর রাখার বিধান ছিল। সর্বশেষ দরপত্রে তা কমিয়ে তিন বছর করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরকারি হাসপাতালে শত শত ডায়ালাইসিস মেশিন কেনার ক্ষেত্রে পাঁচ বছরের পূর্ণাঙ্গ ওয়ারেন্টি নিশ্চিত করা গেলে সরকারের দীর্ঘমেয়াদি ব্যয় কমানো সম্ভব। কারণ, ওয়ারেন্টির মেয়াদ কম হলে পরবর্তী সময়ে যন্ত্রের ত্রুটি মেরামত, যন্ত্রাংশ পরিবর্তন ও কারিগরি সহায়তার জন্য সরকারকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে।
এসব অভিযোগের বিষয়ে প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. এহসানুল করিম বলেছেন, ‘টেন্ডারে এইচডি মেশিন কেনার কথা বলা হলেও এইচডিএফ সরবরাহ করা যাবে না, এমনটি বলা হয়নি। যাদের ইচ্ছা তারা টেন্ডারে অংশ নিতে পারবেন।’
দরপত্রের শর্ত নিয়ে সরবরাহকারীদের ক্ষোভ এবং অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘যে কেউ সংক্ষুব্ধ হতে পারেন। এরই মধ্যে ১২ জন সরবরাহকারী (তামাম করপোরেশন, ট্রেড ভিশন, নিকিসো, বগুড়া ট্রেড সেন্টার, আরপি এন্টারপ্রাইজ, জেএমআই সিরিঞ্জ, বেলাল অ্যান্ড ব্রাদার্স, সানি ট্রেডিং এজেন্সি, টেক ভাইটাল সিস্টেম, ফ্রেসিনিয়াস মেডিকেল কেয়ার, সিমাক ইন্টারন্যাশনাল ও মেসার্স সরকার কবীর আহমেদ) এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়গুলো বিবেচনা করব। তবে টেন্ডারের শর্তগুলো মন্ত্রণালয়ের নির্দেশেই করা হয়েছে।’





