রেলওয়ে পূর্বাঞ্চল
‘নিরাপদ’ রেলপথের প্রতি ২ কিলোমিটারে এক ‘মৃত্যুফাঁদ’
- পূর্বাঞ্চলের ৫১ শতাংশ রেলক্রসিংই অবৈধ
- চালকদের কাছে আতঙ্কের নাম ‘চট্টগ্রাম-কক্সবাজার’ ও ‘সীতাকুণ্ড-মিরসরাই’ রুট
- ৯ মাসে ঝরেছে ২৫৮ প্রাণ, তিন বছরে চট্টগ্রাম-কক্সবাজার রুটে গেছে ১০৫ প্রাণ
- মানুষের জীবন নিয়ে রেল কর্তারা উদাসীন— বলছেন বিশেষজ্ঞরা
- ‘জনগণের সচেতনতার’ ওপর দায় চাপিয়ে দায়িত্ব শেষ রেলওয়ের

ফাইল ছবি
কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিং। গত শুক্রবার সেখানে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। নারী, শিশুসহ ঝরে যায় পাঁচ প্রাণ, তারা যাচ্ছিলেন বিয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে। অরক্ষিত ওই ক্রসিংয়ে ছিল না কোনো গেটম্যান।
রেলওয়ে কর্মকর্তাদের দাবি, এটি অবৈধ ক্রসিং। এমন বেদনার দৃশ্য নতুন নয়। রেলপথ এখন অনেকের কাছেই এক আতঙ্কের নাম। অথচ সড়ক ও নৌপথের চেয়ে তুলনামূলক নিরাপদ ভাবা হয় এই রেলপথকে।
রেলওয়ের পূর্বাঞ্চলে গড়ে প্রতি দুই কিলোমিটারেরও কম অংশে রয়েছে এমন একটি করে অবৈধ ক্রসিং। গেটম্যানহীন এসব রেলক্রসিং যেন পরিণত হয়েছে একেকটি মৃত্যুফাঁদে। যেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। রেলওয়ের পূর্বাঞ্চলে এমন ক্রসিং রয়েছে ৭৫৯টি। এসব ক্রসিংয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবু ক্রসিংগুলো বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেই রেলওয়ের।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের প্রাণের প্রতি এটি রেলওয়ের উদাসীনতা। তবে রেলওয়ে কর্মকর্তাদের দাবি, তারা তারের বেড়া দেওয়াসহ (ফেন্সিং) নানা উদ্যোগ নিচ্ছেন। তবুও ক্রসিং বন্ধ করা যাচ্ছে না।
রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, রেলওয়ে পূর্বাঞ্চলে রেলপথ আছে ১ হাজার ৫০৪ কিলোমিটার। ২৯টি সেকশনে রেলক্রসিং আছে ১ হাজার ৪৮৮টি। এর মধ্যে বৈধ ৭২৯টি, অবৈধ ৭৫৯টি। অর্থাৎ মোট ক্রসিংয়ের ৫১ শতাংশই অবৈধ। চট্টগ্রাম বিভাগে ৬৩৯টি ক্রসিংয়ের ৫৭ শতাংশই অবৈধ। ঢাকা বিভাগের ৮৪৯ ক্রসিংয়ের ৫০ শতাংশই অবৈধ।
রেলওয়ে পূর্বাঞ্চলের ঢাকা বিভাগে অবৈধ রেলক্রসিংয়ের সংখ্যা ৪২১টি। সবচেয়ে বেশি অবৈধ রেলক্রসিং টঙ্গী সেকশনে। এখানে ৭৩টি অবৈধ ক্রসিং রয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ সেকশনে ৬৩, কেওয়াটখালীতে ৪৫, শায়েস্তাগঞ্জে ৩৪ এবং গফরগাঁওয়ে ২৮টি রেলক্রসিং রয়েছে। চট্টগ্রাম বিভাগে অবৈধ ক্রসিং রয়েছে ৩৬৫টি। যেখানে বৈধ মাত্র ২৭৪টি। অধিকাংশ অবৈধ ক্রসিং ষোলশহর-দোহাজারি, দোহাজারি-কক্সবাজার, সীতাকুণ্ড-চিনকি আস্তানা, চিনকি আস্তানা-ফেনী, লাকসাম-কুমিল্লা ও লাকসাম-নোয়াখালী সেকশনে।
২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার এক্সপ্রেস চলাচলের মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হয় চট্টগ্রাম-কক্সবাজার রুটে। রেলওয়ে পুলিশের হিসাব অনুযায়ী, চালুর পর ট্রেনের সঙ্গে বিভিন্ন যানবাহনের সংঘর্ষে এই রুটে গত তিন বছরে ১০৫ জনের মৃত্যু হয়েছে। একইভাবে ২০২২ সালের ২৯ জুলাই মিরসরাই বড়তাকিয়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১৩ জন আরোহী নিহত হন। চার বছর পার হলেও ওই একই এলাকায় রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
স্থানীয় লোকজন ও রেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ নিজেদের যাতায়াত সুবিধার জন্য রেলপথের ওপর এসব ক্রসিং তৈরি করে। এ ছাড়া রেলওয়ের অনুমতি না নিয়ে গ্রামীণ অবকাঠামো নির্মাণকারী বিভিন্ন সরকারি সংস্থাও রেলপথের ওপর সড়ক নির্মাণ করে। এসব রেলক্রসিংয়ে কোনো গেটকিপার থাকেন না। অনেক ক্ষেত্রে ব্যারিয়ারও থাকে না।
নাম প্রকাশে অনাগ্রহী রেলওয়ের এক লোকোমোটিভ মাস্টার (ট্রেনচালক) জানালেন, ষোলশহর থেকে কক্সবাজার পর্যন্ত রেলক্রসিং আছে ১৭৯টি। এর মধ্যে বৈধ ১০২টি। বাকিগুলো অবৈধ। বৈধ ক্রসিংগুলোর অধিকাংশেই নেই গেটম্যান। এ ছাড়া সীতাকুণ্ড থেকে মিরসরাইয়ের চিনকি আস্তানা পর্যন্ত অসংখ্য অবৈধ ক্রসিং আছে। এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। মানুষের যাতায়াতের পাশাপাশি বেপরোয়াভাবে যানবাহনও চলাচল করে। এখানে ট্রেন চালিয়ে নিয়ে যেতে আতঙ্কে থাকতে হয় বলে জানালেন তিনি।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সারা দেশে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে রেলপথে ২৯৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫৮ জন। এর মধ্যে গত ২১ মার্চ রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস উঠে পড়লে ট্রেনের সঙ্গে সংঘর্ষে ১২ জন নিহত হন। গত দুই ঈদে রেলপথে ৫১টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১৮ জন। ২০২৫ সালে ৫১৯টি রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৭৮ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বললেন, ‘দুর্ঘটনায় প্রাণহানির অধিকাংশ অবৈধ রেলক্রসিংয়ে। যেসব বৈধ ক্রসিং আছে, সেখানকার অনেকগুলোয়ও গেটকিপার নেই। যার কারণে মানুষ মারা যাচ্ছেন। রেলের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও মানুষের জীবন রক্ষায় এসব অবৈধ ক্রসিং নিরাপদের কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে।’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পালিতের মতে, রেলওয়ের ব্যবস্থাপনার গাফিলতির জন্য এসব দুর্ঘটনা ঘটছে। এই পরিবহন বিশেষজ্ঞ বলছিলেন, ‘ক্রসিংগুলো যদি অবৈধ হয়, তাহলে সেগুলো বৈধ করে সেখানে গেটকিপার নিয়োগ করবে রেলওয়ে। নয়তো ক্রসিংগুলো বন্ধ করে দেবে। এভাবে মানুষের জীবন নিয়ে খেলার তো কোনো মানে হয় না।’
যদিও রেল কর্তাদের দাবি, তারা তাদের সাধ্য অনুযায়ী দুর্ঘটনা রোধের চেষ্টা করছেন। রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন বললেন, ‘অবৈধ ক্রসিংগুলো দিয়ে যাতায়াত বন্ধে ফেন্সিং দেওয়া হয়েছে। এরপরও মানুষ আবার অন্যদিকে যাতায়াত শুরু করেন। এ ছাড়া দুপাশে বাঁশ বা কাঠের বার দেওয়া হয়। পুরো রেলপথ তো আর ফেন্সিং দেওয়া সম্ভব নয়। এজন্য মানুষকে সচেতন হতে হবে।’




