চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা

সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বটতলী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ট্রেনের নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বগির ভেতরে কেরোসিনের বোতল ও সিটে কেরোসিন মাখানো অবস্থায় পাওয়া গেছে।
রবিবার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে নগরের বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, ‘টিউশন শেষে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার সময় এক শিক্ষার্থী বগির ভেতরে আগুন লাগার কথা জানিয়ে চিৎকার করেন। এরপর চিৎকার শুনে রেলওয়ের এক কর্মী ছুটে যান তার সঙ্গে আমিও দ্রুত ছুটে গিয়ে আগুন নেভাতে সাহায্য করি। ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’
তিনি আরও বললেন, ‘প্রথমে আগুনকে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বলে মনে হলেও পরে বগির ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাওয়া যায়। খুঁজে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। বগির সিটগুলোতেও কেরোসিন মাখানো ছিল। এসব দেখে মনে হয়েছে, কেউ পরিকল্পিতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বললেন, ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওই ট্রেন পরিবর্তন করে শিক্ষার্থীদের অন্য একটি ট্রেনে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি জানান, ‘এ ঘটনাকে নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি, ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায়, ছাড়ার আগে কিংবা অন্য যেকোনো অবস্থায় ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’




