Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সব দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী, শুরু এনসিপি দিয়ে

  • সোমবার থেকে শুরু হচ্ছে ধারাবাহিক বৈঠক
  • জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জোর দেবে বিরোধীরা
রাজকুমার নন্দী
রাজকুমার নন্দী
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৬:৪০
শেয়ার করুন:
সব দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী, শুরু এনসিপি দিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এনসিপি আহ্বায়কের বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য আরও সুসংহত করতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে থাকা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছেন তিনি। আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হবে। এরপর জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন সরকারপ্রধান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পর্যায়ক্রমে এসব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জোরদার করতেই এই উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে প্রয়োজন হলে সর্বদলীয় বৈঠকেরও আয়োজন করা হতে পারে। জাতীয় ঐক্যের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগকে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। সেখানে থেকেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে বিএনপি নেতারা তার এ ঘোষণাকে দেশে ফেরার বাস্তব প্রস্তুতি হিসেবে দেখছেন না। বরং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চাঙ্গা রাখা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির রাজনৈতিক কৌশল বলে মনে করছেন তারা। তাদের ধারণা, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে তার এ ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বাড়তে পারে।

সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের একাধিক স্থাপনা, গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা কার্যালয় এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে গোপালগঞ্জে থানা জ্বালিয়ে দেওয়াসহ ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এসব ধারাবাহিক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করছে পুলিশ।

এমন পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ড, দেশ-বিদেশে সন্ত্রাসী তৎপরতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়ে দলটি আবার মাথাচাড়া দিয়ে ওঠার আগেই প্রতিহত করার আহ্বান জানান তিনি।


আরও পড়ুন

জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

২২ নভেম্বর ২০২৬

তবে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হলেও সাম্প্রতিক সময়ে বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে দুই দলের অবস্থানগত পার্থক্য প্রকাশ্যে এসেছে। অবশ্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য দুর্বল হয়ে পড়ার সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে— এমন আশঙ্কা থেকে আবারও কাছাকাছি আসার প্রয়োজনীয়তা অনুভব করছে দুই পক্ষ।প্রধানমন্ত্রী তারেক রহমান


গত বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে জামায়াত আমিরও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে দুর্বলতা ও ফাটল তৈরির বিষয়টি তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ঐক্যে দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদীরা সেই সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে আবারও ঐক্যে ফিরে আসতে হবে।

ওইদিন সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা এবং বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় জামায়াত আমির রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য সুসংহত করার পরামর্শ দেন। বিরোধীদলীয় নেতার সেই পরামর্শ বিবেচনায় নিয়েই জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে জামায়াত ও এনসিপি জাতীয় ঐক্যের প্রশ্নে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতারা বলছেন, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনার বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায়ের কার্যকারিতা নিশ্চিত করা। এ লক্ষ্যে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ, জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে নতুন সিদ্ধান্ত এবং বিরোধী দলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সরকারি ও বিরোধী দলের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এসব বিষয় তুলে ধরবেন বিরোধী দলের নেতারা।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার আগামীর সময়কে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমরা আগামীকাল সোমবার যমুনায় বসব।’



আরও পড়ুন

আর নীরব বসে থাকার সুযোগ নেই : জামায়াত আমির

২২ নভেম্বর ২০২৬

জানা গেছে, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। নাহিদ ইসলাম বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। সফর শেষে আজ রবিবার বিকালে তার দেশে ফেরার কথা রয়েছে। তার সঙ্গে আলোচনার পর প্রতিনিধিদলের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে। গত ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যান নাহিদ ইসলাম।

এদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তিনি দেশে ফিরবেন। এরপর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

এনসিপির রাজনৈতিক পর্ষদের আরেক সদস্য আরিফুল ইসলাম আদীব বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখার সুযোগ রয়েছে। তবে এ উদ্যোগের বাস্তবায়ন ও কার্যকারিতা নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসে। প্রধানমন্ত্রী জাতীয় সরকার গঠনের কথা বলছেন, কিন্তু সেখানে দেশের সব রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একধরনের সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। জাতীয় ঐকমত্যের কথা বললে সব পক্ষের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সুতরাং প্রধানমন্ত্রীর ঘোষিত উদ্যোগের প্রতিফলন শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, তৃণমূল পর্যায়েও নিশ্চিত করতে হবে। এটি যেন কেবল লোক-দেখানো উদ্যোগ কিংবা গণমাধ্যমে বক্তব্য দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থাকে।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও সরকারকে দৃশ্যমান ভূমিকা রাখতে হবে। বিএনপির নেতাকর্মীরা যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় না দেন এবং দলীয় পরিচয়ের আড়ালে কোনো ধরনের নৈরাজ্য, দখলবাজি বা সহিংসতায় জড়িয়ে না পড়েন— সে বিষয়েও প্রধানমন্ত্রীকে কঠোর অবস্থান নিতে হবে। শেষ পর্যন্ত সরকারের উদ্যোগের সফলতা নির্ভর করবে কথার সঙ্গে কাজের মিল এবং তৃণমূল পর্যায়ে তার বাস্তব প্রতিফলনের ওপর।’

জাতীয় সংসদের হুইপ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু আগামীর সময়কে বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। পলাতক ও পরাজিত ফ্যাসিবাদী শক্তির এই নৈরাজ্য-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মাঠে আছি। ডিসেম্বর মাস জুড়ে আমরা রাস্তায় থাকব।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। সব বিভেদ-দ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল রাজপথে সক্রিয় থাকব। ঠিক যেমন জুলাই গণআন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি।’


প্রধানমন্ত্রী তারেক রহমানএনসিপিজামায়াত-বিএনপিবিএনপিজামায়াতজুলাই সনদজাতীয় ঐক্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র