আর নীরব বসে থাকার সুযোগ নেই : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: জামায়াতের ফেসবুক পেজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ ঘটনায় দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেছেন, এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
আজ রবিবার সকালে দেওয়া এক বার্তায় জামায়াত আমির বলেন, রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে। এ হামলা কাপুরুষোচিত। অতি দ্রুত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
এদিকে একই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ। রোববার সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি যৌথ বিবৃতিতে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার দায় সরকারপ্রধান এড়াতে পারবেন না।
বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে নিষিদ্ধ ঘোষিত (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িত। সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, জুলাই যোদ্ধাদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তারা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে থাকলে কেন বারবার অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেই প্রশ্ন তুলে জামায়াত নেতারা বলেন, এসব ঘটনায় সরকারের কোনো মদদ রয়েছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার পরও তিনি দায়িত্বে বহাল থাকায় মন্ত্রিসভার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে জাতির সামনে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানান তারা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রাতের টহল পুলিশের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।




