একের পর এক বাসে আগুন, নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
বর্তমান পরিস্থিতিতে যানবাহন ভাঙচুর ও ক্ষতিসাধনের ঝুঁকি এড়াতে রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এ নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলাচল শেষে সব ধরনের যানবাহন নির্ধারিত ডিপো, গ্যারেজ বা টার্মিনালে নিরাপদে রাখতে হবে। কোনো অবস্থাতেই রাস্তার পাশে, অনিরাপদ বা নির্জন স্থানে গাড়ি পার্কিং করা যাবে না।
এতে আরও বলা হয়, ঢাকাসহ সারা দেশে চলাচলকারী যাত্রীবাহী ও পণ্যবাহী সব ধরনের যানবাহনের নিরাপত্তায় মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
আজ শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে রাজধানীর মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন স্থানে আরও কয়েকটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা-এমন খবরও বিভিন্ন সূত্রে পাওয়া গেছে।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাফরুল থানার সামনেও একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে।





