রাজধানীর ৯ স্থানে ককটেল বিস্ফোরণ, কাফরুলে বাসে আগুন

সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় এক দিনে অন্তত ৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার ও রামপুরায় এসব বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক আহত হয়েছেন। এ ছাড়া কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে রিকশাচালক ইবাদুর রহমান আহত হন। যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মাদ রাজু আগামীর সময়কে বলেন, ‘যাত্রাবাড়ী চৌরাস্তায় ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একজন রিকশাচালক আহত হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’
পুলিশ কনস্টেবল মো. তুহিন আলী ও আহত ইবাদুরের চাচাতো ভাই ইউসুফ জানান, রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে রিকশায় বসে ছিলেন ইবাদুর। এ সময় ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা ককটেল ছুড়ে মারলে বিস্ফোরণে তার কোমরের নিচে স্প্লিন্টার লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণে আহত যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, তার অবস্থা গুরুতর নয়।
এর আগে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, ‘জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। ফ্লাইওয়ের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।’
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়। বনানী থানার কর্তব্যরত এসআই মো. তারেক বলেন, ‘মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেল ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কাজ করছে।’
একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। বিস্তারিত তথ্য এখনো পাইনি।’
রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির বলেন, ‘রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’ তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া বঙ্গবাজার ও গুলিস্তানেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’ তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে রাত ১০টা ২০ মিনিটের দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা-পুলিশ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির সামনের কাচ, জানালার কাচ ও ভেতরের আসন সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কাফরুল থানার কর্তব্যরত এসআই জহিরুল ইসলাম বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘বিটিভির সামনে বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে।’ হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।’
এর আগে গত মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।




