মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের চাহিদাপত্র জমা নেওয়া শুরু হয়েছে

প্রতিমন্ত্রী মো. নুরুল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি জানিয়েছেন, ‘আমরা অফিশিয়ালি মালয়েশিয়ার সরকারের পক্ষে যারা লেবার পার্টনারশিপে এফডব্লিউসিএমএস, তাদের একটা চিঠি আমরা পেয়েছি। সেখানে তারা জানিয়েছে, তারা ফরমাল (আনুষ্ঠানিক) প্রক্রিয়ায় ডিমান্ড লেটার (চাহিদাপত্র) সংগ্রহের কাজ শুরু করেছে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আগামীর সময়কে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০ অক্টোবর থেকে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) আনুূষ্ঠানিকভাবে কর্মী পাঠাবে।
গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পরপরই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার উদ্যোগ নেয় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ জুন তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি উত্থাপন করেন।
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার প্রক্রিয়া হিসেবে গত ২১ আগস্ট বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। একই দিনে নেপালের ২৫, ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে ১০টি এজেন্সির তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশের এই ২৫ রিক্রুটিং এজেন্সিগুলোর শ্রমিকের চাহিদা আনবে এবং তাদের মাধ্যমে শ্রমিক যেতে পারবে মালয়েশিয়াতে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রস্তুত করা ৪২৩ এজেন্সির তালিকা থেকে ২৫টি নির্বাচন করেছে মালয়েশিয়া। পরে সরকারি মালিকাধীন প্রতিষ্ঠান বোয়েসেলকে যুক্ত করা হয় এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে সহযোগী করা হয়েছে। এই এজেন্সিগুলো মূল ২৫ রিক্রটিং এজেন্সি ও বোয়েসেলের অধীনে কাজ করবে। এর মধ্যে বোয়েসেল থেকে বিনা খরচে ১০ হাজার শ্রমিক পাঠানোর কথা বলেছে সরকার।
তবে এ বিষয়ে বোয়েসেলের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. শওকত আলী আজ মঙ্গলবার বিকালে আগামীর সময়কে বলেন, ‘আমরা জিরো কস্টে (বিনা খরচে) শ্রমিক পাঠাই। ওখানে জিরো কস্টে যে কোম্পানিগুলো শ্রমিক নিবে, তাদের ডিমান্ড লেটার এখনো পাইনি।’



