পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গা ইস্যুতে নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন শামা ওবায়েদ ইসলাম
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা সমাধানে বাংলাদেশ নতুন কৌশলে এগোচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।
ব্রিফিংয়ে শামা ওবায়েদ বলছিলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে কৌশলগত চেঞ্জ তো আছেই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী অন্তবর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। সে সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ইন্টারনালি অনেক কৌশলগত কাজ করেছেন। সে কাজগুলো এখন বিএনপি সরকারের সময় চলমান।’
প্রতিমন্ত্রী বললেন, ‘আমরা মিয়ানমার সরকারের ওপর আস্থা রাখতে চাই। এ ছাড়াও বিএনপি সরকার পূর্বে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবহার করে যেভাবে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল, এখন তা-ই করতে চায়।’
বিএনপি সরকার কোন কৌশলে এগোচ্ছে জানতে চাইলে শামা ওবায়েদ বলেছেন, ‘কৌশল যদি বলেই দেই, তাহলে তো আর সেটি কৌশল থাকল না।’
মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘আজ মিয়ানমারের অ্যাম্বাসেডরকে ডেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। অ্যাম্বাসেডর জানিয়েছেন তিনি নেপিদোতে তার সরকারের সঙ্গে কথা বলবেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন কীভাবে আরও দ্রুত করা যায় তা নিয়ে আলোচনা করবেন।’
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বললেন, ‘যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর ও প্রধানমন্ত্রীর চীন সফরেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। তারা সকলে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে তারা বাংলাদেশেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।’
শামা ওবায়েদ জানান, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে একটি বিশেষ অধিবেশন হবে। এ ছাড়াও ইন্টারন্যাশনাল কোর্টে রোহিঙ্গাদের নিয়ে একটা রায় আছে। সব মিলিয়েই কিন্তু আমরা চেষ্টা করছি।







