নজরুলের আবেদন খারিজ, বিচারকাজ শুরুতে আর বাধা নেই

নজরুল ইসলাম—ফাইল ছবি
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দায়ের করা মামলার পুনঃতদন্ত চেয়ে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে মামলাটির বিচারকার্য শুরুতে আর কোনো বাধা থাকল না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির আবেদনটি খারিজ করে দিয়েছেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মামলার পুনঃতদন্ত চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। ওই মামলায় প্রধান আসামি তিনি।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ ১৪ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় ডিবি। ৪ বছর তদন্ত শেষে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা শাহ মিনহাজ উদ্দিন ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তবে তদন্ত চলাকালে কোম্পানিটির প্রতিষ্ঠাতা পরিচালক এজাহারভুক্ত ১ নম্বর আসামি এম এ খালেক কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং ৫ নম্বর আসামি তানভীরুল হক ও ৬ নম্বর আসামি নূর মোহাম্মদ ডিকনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তদন্তে আরও ১৩ জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের নতুন করে আসামি করা হয়েছে।
চার্জশিটভুক্ত ২৪ আসামি হলেন- ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক পরিচালক ও এম এ খালেকের ছেলে শাহরিয়ার খালেদ, সাবেক পরিচালক ও এম এ খালেকের ছেলে রুবাইয়াত খালেদ, সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা একরামুল আমিন, সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আলী হোসেন, সাবেক ডিএমডি ও সিএফও মো. জাহাঙ্গীর আলম মুন্সী, সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্লাহ, সাবেক এএমডি ও ইনচার্জ (অর্থ ও হিসাব বিভাগ) কামরুল হাসান খান, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ (ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগ) শেখ আব্দুর রাজ্জাক, সাবেক জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কামাল হোসেন হাওলাদার, সাবেক কর্মকর্তা মাকবুল এলাহী, মোহাম্মদ আজাহার খান, মো. সোহেল খান। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের স্ত্রী তাসলিমা ইসলাম, এ কে এম মনিরুল ইসলাম, খন্দকার মোহাম্মদ খালেদ, সাবেক পরিচালক এম এ খালেকের স্ত্রী মোসাম্মৎ সাবিহা খালেক, এম এ খালেকের মেয়ে সারওয়াৎ খালেদ সিমিন, সৈয়দ আব্দুল আজিজ, মো. মিনহাজ উদ্দিন, মোহাম্মদ কাজী ফরিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ সেলিম মাহমুদ এবং রহমতুল্লাহ দেওয়ান।
চলতি বছরের ৬ জুলাই চার্জশিট গ্রহণ করেন আদালত। গত ১৩ সেপ্টেম্বর প্রধান আসামি নজরুল ইসলাম মামলার পুনঃতদন্ত চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন।
উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্যাহ দুদকের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।




