ডেমরায় অটোচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ডেমরায় মাত্র দেড়শ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে ইট দিয়ে মাথায় থেঁথলে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার সকালে খবর পেয়ে কামারভোগ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।
এ ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত যুবক রনিকে (২৬) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রনি ডেমরার একই এলাকার আফজাল মিয়ার ছেলে।
নিহত দেলোয়ার হোসেন কামারভোগ এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার বলেছেন, হত্যাকারী পুলিশ হেফাজতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রনি (২৫) মাদকাসক্ত ও বিক্রির সঙ্গে জড়িত। তারা দুজনে একে অপরের পূর্ব পরিচিত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দেলোয়ার অভিযুক্ত রনির কাছে পাওনা হিসেবে দেড়শ টাকা পেতেন। সেই পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়াঝাঁটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে কোনো একসময় দেলোয়ারকে মাথায় ইট দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে।
হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা রনিকে ধরে গণধোলাই দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।






