ট্রাফিক সিগন্যাল মানছেন না পথচারীরা
- অপেক্ষা করার সময় নেই কারও
- আগস্টে দেশে ১০২ পথচারী নিহত
- পথচারী নিরাপত্তায় হচ্ছে আলাদা আইন

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ব্যস্ততম সড়কের মোড়গুলোর একটি শাহবাগ। কাঁটাবন, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী চারটি সড়ক এসে মিলেছে এই মোড়ে। সারাক্ষণই যানবাহনের চাপ থাকে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও বারডেম হাসপাতালের রোগী-স্বজনসহ সাধারণ পথচারীদের আনাগোনাও কম নয়। মোড়ে ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে যানবাহন থেমে যায়। একই সময়ে পথচারীদের জন্যও জ্বলে লাল-সবুজসংকেত। কিন্তু সেই সংকেত উপেক্ষা করেই চলন্ত গাড়ির ফাঁক দিয়েই রাস্তা পার হচ্ছেন অনেকে। কারও যেন সিগন্যালের জন্য অপেক্ষা করার সময় নেই।
সম্প্রতি এক দুপুরে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে দেখা যায়, জাতীয় জাদুঘরের পাশ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে যাওয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছেন কয়েকজন। তখনো সড়কে যানবাহন চলছিল। পথচারীদের সংকেতে লাল বাতি জ্বলছিল, অর্থাৎ রাস্তা পার হওয়ার অনুমতি ছিল না। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ ছিল না কারও। দুজন পথচারী চলন্ত গাড়ির দিকে হাত তুলে থামার ইশারা দেন। গাড়ির গতি কিছুটা কমতেই তারা রাস্তা পার হতে শুরু করেন। এমন দৃশ্য একবার-দুবার নয়, প্রায় প্রতি মিনিটেই দেখা যায়।
সিগন্যালের অপেক্ষা না করে এভাবে কেন রাস্তা পার হচ্ছেন— জানতে চাইলে সোহেল খন্দকার বললেন, সংকেত পরিবর্তন হতে কয়েক মিনিট সময় লাগে। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না। তা ছাড়া সবাই এভাবেই পার হন।
শাহবাগ মোড়ে পথচারীদের পারাপারের জন্য দুটি ফুটওভার ব্রিজ থাকলেও সেগুলোর ব্যবহার কম।
রাজধানীর কারওয়ান বাজার, গুলিস্তান, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরেও দেখা গেছে একই চিত্র। পথচারীরা নির্ধারিত সংকেতের অপেক্ষা না করে নিজের সুবিধামতো রাস্তা পার হচ্ছেন।
শাহবাগ মোড়ে ট্রাফিক সার্জেন্ট মো. মাহফুজ বললেন, সিগন্যাল পড়লে তারা যানবাহন থামিয়ে দেন। কিন্তু পথচারীদের থামানো যাচ্ছে না। একদিকে মনোযোগ দিলে অন্যদিকে যানবাহন বিশৃঙ্খল হয়ে পড়ে। এর মধ্যে অটোরিকশাও সিগন্যাল মানতে চায় না। ফলে একসঙ্গে সবকিছু সামলানো কঠিন হয়ে যায়।
আরেক ট্রাফিক পুলিশ সদস্য রফিকুল ইসলাম বললেন, পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে না চাইলে তাদের জন্য নির্ধারিত সংকেত মেনে সড়ক পার হওয়ার নিয়ম রয়েছে। কিন্তু অনেকের এত তাড়া থাকে যে, দুই মিনিট অপেক্ষা করতেও চান না।
সড়ক দুর্ঘটনায় রাজধানীতে সবচেয়ে বেশি প্রাণ হারানো ব্যক্তিদের বড় অংশই পথচারী। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ঢাকায় ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৯২ জনই পথচারী, যা মোট মৃত্যুর প্রায় ৪২ শতাংশ। আরএসএফের মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে সারা দেশে ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা ওই মাসে সড়ক দুর্ঘটনায় মোট প্রাণহানির প্রায় ২১ শতাংশ। এর আগের মাস জুলাইয়ে নিহত পথচারীর সংখ্যা ছিল ১০৬, যা মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ।
পথচারীদের অনিয়মের কারণে সড়কে ঝুঁকিতে পড়ছেন যানবাহন চালকরাও। চালকদের অভিযোগ, অনেক পথচারী ফুটপাত থেকে হঠাৎ সড়কে নেমে আসেন কিংবা চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হতে শুরু করেন। এতে তাদের তাৎক্ষণিক ব্রেক কষতে হয়। ফলে দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়।
মোটরসাইকেলচালক আহসান উল্লাহ জানালেন, অনেক সময় পথচারীরা কোনো জেব্রা ক্রসিং ছাড়াই ইচ্ছামতো রাস্তা পার হতে থাকেন। কেউ কেউ মোটরসাইকেলের দিকে হাত তুলে থামার ইশারা করেন। এ কারণে দুবার হঠাৎ গতি কমাতে গিয়ে মোটরসাইকেলসহ পড়ে যান তিনি।
এ অবস্থায় পথচারীদের ট্রাফিক আইন মানাতে শাস্তির বিধান যুক্ত করার জন্য নেওয়া হচ্ছে উদ্যোগ। পথচারী ও যাত্রীদের নিরাপত্তায় আলাদা সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কাজ চলছে। পথচারীদের ফুটপাত, নির্ধারিত পারাপার স্থান ও নিরাপদ সড়কদ্বীপ ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান আগামীর সময়কে বলছিলেন, শাস্তির আওতায় আনার আগে পথচারীদের জন্য নিরাপদ ফুটপাত, ফুটওভার ব্রিজ ও পর্যাপ্ত পারাপারের ব্যবস্থা করতে হবে।
নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হকও মনে করেন, আইন প্রয়োগের আগে পথচারীদের সচেতন করা জরুরি।



