সংবাদ সম্মেলন
যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে প্রবাসীর স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী। ছবি: ভিডিও থেকে
রাজধানীতে এক যুক্তরাষ্ট্র প্রবাসীকে জোরপূর্বক আটকে রেখে তিন ভরি স্বর্ণের চেইন, নগদ টাকা ও আইফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত দুই অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক গাজী জুয়েলসহ কয়েকজন রয়েছেন।
আজ রবিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন ভুক্তভোগী প্রবাসী মাসুদ রানা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ রানা জানান, রাতে খাবারের উদ্দেশ্যে নোয়াখালী ক্লাবে যাওয়ার পথে জুলহাস, গাজী জুয়েল, মাসুদ রানা সোহেল এবং এসি সেলিমসহ বেশ কয়েকজন তার গতিপথ রোধ করে। পরবর্তীতে তাকে জোরপূর্বক ক্লাবের ভেতরে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তার কাছে থাকা ৩ ভরি ওজনের স্বর্ণের চেইন, নগদ ৬০ হাজার টাকা এবং একটি আইফোন-১৬ ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
ভুক্তভোগী প্রবাসী জানান, ঘটনা প্রকাশ করলে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় তিনি কোনো মতে জীবন বাঁচিয়ে স্থানটি ত্যাগ করতে সক্ষম হন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত গাজী জুয়েল এর আগেও বিভিন্ন সময়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী।



