সিগারেটের বকেয়া টাকা চাওয়ায় চা দোকানিকে পিটিয়ে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মিরপুরের কল্যাণপুরে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. জুয়েল (৩২) নামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সিগারেট বিক্রয়কর্মী মো. ইব্রাহীম শেখকে আটক করেছে পুলিশ।
শনিবার ঘটে এ ঘটনা। নিহত জুয়েল কল্যাণপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত ইব্রাহীম জেটিআইয়ের নেভি ও ক্যামেল ব্র্যান্ডের সিগারেট বিক্রয়কর্মী।
পুলিশ জানায়, সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে ইব্রাহীমের বিরোধ হয়। একপর্যায়ে ইব্রাহীম তাকে ঘুষি মারেন। এতে মাটিতে পড়ে গুরুতর আহত হন জুয়েল। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কল্যাণপুরের ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইব্রাহীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তিনি থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। নিহত জুয়েলের মরদেহ রাখা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে।




