প্রিয় ৫ বই
- সঞ্চয়িতা— রবীন্দ্রনাথ ঠাকুর
- বিষাদ-সিন্ধু— মীর মশাররফ হোসেন
- রিক্তের বেদন— কৃষ্ণগোপাল বসাক
- ধ্বনি থেকে কবিতা— সন্জীদা খাতুন
- লালন সাঁই— আবুল আহসান চৌধুরী

গ্রাফিকস: আগামীর সময়
কোন বই যে কখন ভালো লেগে যায়, আবার কোন বই যে বিস্মৃতি অতলে হারিয়ে যায়, এসব নির্ণয় করা কঠিন। তবে দীর্ঘদিন ধরে পাঠের স্মৃতিতে আছে, আমার জীবনমনকে প্রভাবিত করেছে এবং আমার সাহিত্যজীবনে প্রেরণা দিয়েছে এমন ৫টি বইয়ের কথা এখানে ধরা রইল।
সঞ্চয়িতা
বিশ্বকবির দীর্ঘ কাব্যজীবনের শ্রেষ্ঠ কবিতা ও গানের অনন্য সংকলন এ গ্রন্থটি। এতে কবিগুরুর সৌন্দর্যচেতনা, প্রেম, প্রকৃতি, আধ্যাত্মিক ভাবনা ও জীবনদর্শনের নিবিড় রূপায়ণ ঘটেছে। রবীন্দ্রনাথের কাব্যযাত্রার ক্রমবিকাশ অনুধাবনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের অমর কাব্যসম্ভার হিসেবে এর পাঠ পাঠকহৃদয়ে সৌন্দর্য ও চেতনার এক গভীর আলোকপ্রভা সঞ্চার করে।
বিষাদ-সিন্ধু
কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঐতিহাসিক ঘটনা কেন্দ্র করে রচিত এটি বাংলা সাহিত্যের এক মহাকাব্যিক উপন্যাসে রূপ লাভ করেছে। মীর মশাররফ হোসেনের অলংকারসমৃদ্ধ ও আবেগঘন গদ্যরীতি পাঠকদের গভীরভাবে আপ্লুত করে। ত্যাগ, বিষাদ ও ক্ষমতার লড়াইয়ের পটভূমিতে রচিত এ গ্রন্থটি বাংলা কথাসাহিত্যে চিরন্তন ধ্রুপদি সাহিত্যের মর্যাদা অর্জন করেছে।
রিক্তের বেদন
আবহমান বাঙালি পরিবারের নিঃস্বার্থ মমতা ও অনুভূতির প্রেক্ষাপটে রচিত একটি মর্মস্পর্শী উপন্যাস। এতে অন্ধ রঞ্জনের গায়ক ও লেখকসত্তার বিকাশে সুজাতা ও লীলার একান্ত প্রচেষ্টা এবং ছোট দেবর ও বৌদির মধ্যকার মা-ছেলের মতো অনাবিল সম্পর্কের ছবি ফুটে উঠেছে। রঞ্জন, সুজাতা ও লীলার জীবনের রিক্ততা, লাঞ্ছনা, চোখের জল ও করুণ ট্র্যাজেডি পাঠকহৃদয়কে গভীরভাবে অশ্রুসিক্ত ও আবেগপ্লুত করে।
ধ্বনি থেকে কবিতা
সন্জীদা খাতুন রচিত এ গ্রন্থে বাংলা কবিতা ব্যাখ্যায় ধ্বনি ও ভাবের সহজাত সম্পর্ক এবং ধ্বনিপ্রতিকাতত্ত্বের বৈজ্ঞানিক প্রয়োগ ঘটেছে। রবীন্দ্রনাথের সুর ও প্রজ্ঞায় সিক্ত এ বিশিষ্ট শিল্পী এখানে একই সঙ্গে বিজ্ঞানী ও কবিতার প্রথাবহির্ভূত ভাষ্যকার হয়ে উঠেছেন। এ পথিকৃৎ গবেষণার মাধ্যমে সন্জীদা খাতুন বাংলা সমালোচনা সাহিত্যে নতুন এক ধারার সূচনা করেছেন।
লালন সাঁই
মানবেবাদী, অসাম্প্রদায়িক ও মরমি কবি লালন সাঁইয়ের প্রধান কীর্তি তার সুর ও কথা, যা বাঙালি মননের চিরন্তন ঐতিহ্য। লোক ও লোকোত্তর, পার্থিব ও অপার্থিবের সমন্বয়ে গড়া তার গান এবং অধ্যাত্মভাবনা মানববেদনা ও প্রেমকে গভীরভাবে স্পর্শ করে। রবীন্দ্রনাথের জীবন-অনুধ্যানে সর্বোচ্চ মর্যাদা পাওয়া লালন-দর্শন বর্তমানের সংকীর্ণ ও সাম্প্রদায়িক বিশ্বে সর্বমানব-ঐক্যের বার্তা দেয়। গবেষক আবুল আহসান চৌধুরী লালন সাঁইয়ের এ জীবন-কাহিনি, বাউলসাধনা, গানের শিল্পমূল্য ও সমাজচেতনার স্বরূপ অত্যন্ত আন্তরিকভাবে উপস্থাপন করেছেন।



