কণিকা
‘নিঃসঙ্গ হয়ে পড়েছি’

কবি হিসেবে সাহিত্যের পাঠকের কাছে পরিচিত হলেও সবার কাছে রিফাত চৌধুরী বেশি পরিচিত অভিনেতা হিসেবে। বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অনেকে ফেসবুক পোস্টে সবাইকে রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। হাসপাতালের কেবিনে বসে রিফাত চৌধুরী বলেছেন, ‘আমি একা, আমার শেল্টার নেওয়ার জায়গা নেই। আমার মা চলে গেছেন তার বাবা-মায়ের কাছে। আমার মা হলো সেতু। সেই সেতুর ওপর দিয়ে আমিও আমার বাবা-মায়ের কাছে চলে যাব। আমার মা যেখানে থাকেন, সেখানে পৃথিবীর কোনো যন্ত্রণা নেই।’ তিনি মনে করেন, তার কবিতা মৃত্যুর পরেও মূল্যায়িত হবে। রিফাত চৌধুরীর ভাষ্য, ‘আমি খুবই ব্যক্তিগত কবিতা লিখি, সঠিক পাঠক ছাড়া যা উদ্ধার করা সম্ভব নয়।’ সামনে ‘নিঃসঙ্গ হয়ে পড়েছি’ নামে নতুন বই প্রকাশের তথ্যও জানালেন তিনি। রিফাত চৌধুরী বললেন, ‘আমি প্রথম থেকেই মৃত্যুকে আলিঙ্গন করে আসছি। আমার বইগুলোর মূল বিষয় যন্ত্রণাকে আবিষ্কার করা। আমার প্রিয় কবি শহীদ কাদরী।’ জীবিত অবস্থায় মানুষকে সঠিকভাবে অনুসন্ধান করা যায় না উল্লেখ করে তিনি বলেছেন, ‘মরে যাওয়ার পর অনেকেই হয়তো আমাকে অনুসন্ধান করবেন।’



