ভিন দেশের ভূত
নিশিরাতের লাফানো ভূত জিয়াংশি

গ্রাফিকস: আগামীর সময়
চীনের হুনান প্রদেশের ঘন কুয়াশাচ্ছন্ন পাহাড়ি পথ। ঘড়িতে তখন মধ্যরাত পেরিয়েছে। চারপাশে কবরের নিস্তব্ধতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে দূর থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ— ধপ... ধপ... ধপ। কুয়াশা ভেদ করে যে মূর্তিটি এগিয়ে আসছে, তার পরনে প্রাচীন চিং রাজবংশের রাজকর্মচারীদের নীলচে-কালো আলখাল্লা ও মাথায় গোল টুপি। হাত দুটি সামনের দিকে সোজা বাড়ানো, শরীর কাঠের মতো শক্ত। এটিই চীনা লোককথার সেই হাড়হিম করা আতঙ্ক— জিয়াংশি, যার আক্ষরিক অর্থ ‘শক্ত মৃতদেহ’।
জিয়াংশির জন্ম হয় অপমৃত্যু কিংবা অসম্পূর্ণ সৎকারের অভিশাপ থেকে। মৃত্যুর পর ‘রিগর মর্টিস’ বা পেশি শক্ত হয়ে যাওয়ার কারণে এদের হাত-পা ভাঁজ হয় না। তাই এরা মানুষের মতো হাঁটতে পারে না; বরং দুই পা একসঙ্গে করে লাফিয়ে লাফিয়ে শিকারের দিকে ধেয়ে আসে।
পথিক লিং ঝাউ পাহাড়ি পথের বাঁকে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন। তিনি জানতেন, জিয়াংশি চোখে দেখতে না পেলেও শ্রবণশক্তি এবং জীবিত মানুষের নিঃশ্বাস বা প্রাণশক্তি অনুভব করার ক্ষমতা তার অবিশ্বাস্য। এরা রক্ত নয়, বরং মানুষের শরীর থেকে প্রাণশক্তি শুষে নিয়ে নিজেরা আরও শক্তিশালী হয়ে ওঠে।
ধপ... ধপ... ধপ। শব্দটা ক্রমে কাছে আসছে। জিয়াংশির কপালে হলুদ কাগজের একটি ‘ফুলু’ ঝুলছে, যা তাওবাদী পুরোহিতরা মৃতদেহকে শান্ত রাখতে ব্যবহার করেন। কিন্তু বাতাসের ঝাপটায় এর এক কোনা খুলে যেতেই দানবটি আরও হিংস্র হয়ে উঠল। লিং ঝাউ নিঃশ্বাস বন্ধ করে রাস্তার পাশের একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়লেন। চীনা লোককথার নিয়ম অনুযায়ী, নিঃশ্বাস আটকে রাখলে জিয়াংশি মানুষের অস্তিত্ব টের পায় না। দানবটি ঠিক তার পাশ দিয়েই লাফিয়ে চলে গেল। পচা মাংসের তীব্র গন্ধে লিং ঝাউয়ের বমি আসতে চাইছিল।
এই ভয়ংকর কিংবদন্তির পেছনে লুকিয়ে আছে প্রাচীন চীনের এক বাস্তব ইতিহাস। চিং রাজবংশের আমলে দূরদেশে মারা যাওয়া শ্রমিকদের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য ‘কর্পস ড্রাইভার’ বা মৃতদেহ বাহক নিযুক্ত করা হতো। রাতের অন্ধকারে বাঁশের লম্বা খুঁটির সঙ্গে মৃতদেহ বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় দূর থেকে মনে হতো, লাশগুলো যেন নিজে থেকেই লাফিয়ে লাফিয়ে চলছে। সেই দৃশ্য থেকেই জন্ম নেয় এই লোককথা।



