গল্পে ধাঁধা
অতি আদুরে

গ্রাফিকস: আগামীর সময়
হাতিরঝিল থানার এসআই জুলফিকারের মেজাজটা ভীষণ খারাপ। প্রতিদিন যে সরকারি পুরনো জিপটায় চলাচল করেন, আজকে সেই জিপের ঘটঘট শব্দটাও কানে লাগছে। মেজাজ খারাপের কারণ খুব বড় কিছু না। সকালে থানায় নিজের চেয়ারে বসে ঝুনার হাতে বানানো এক কাপ মসলা দুধ চা খাওয়া জুলফিকারের প্রতিদিনের অভ্যাস। কিন্তু আজকে সেটা হয়নি। চা টেবিলে দেওয়ামাত্রই বড় স্যারের রুমে ডাক পড়ল। আর এখন এএসআই মিজুর সঙ্গে গাড়িতে করে যাচ্ছে ক্রাইম সিনে। পাশের সিটে বসে মিজু অনেকক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন জুলফিকার অনুমতি দেবে আর সে গড়গড় করে কেসের সব ডিটেইলস বলবে। নিজের মাথাটা একটু ঠান্ডা করে জুলফিকার অনুমতিসূচক ইশারা করা মাত্রই মিজু শুরু করে দিল।
‘মৃতের নাম আশরাফ জোয়ারদার। রোডস অ্যান্ড হাইওয়েজের অবসরপ্রাপ্ত সরকারি ইঞ্জিনিয়ার। নিজেদের দোতলা বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। একমাত্র ছেলে দেশের বাইরে। বাসায় একজন কাজের মহিলা ছাড়া আর কেউ নেই। গত পরশু রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু। ডাক্তার জানিয়েছেন, বিশেষ এক ওষুধের প্রভাবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। স্ত্রীর দাবি, এটা পরিকল্পিত হত্যা।’
একদমে বলে শেষ করে মিজু। চোখ সরু করে তাকায় জুলফিকার।
‘এই সবটাই ওসি স্যার বলেছেন। তুমি গল্পে আগে বাড়ো। বয়স্ক একটা মানুষ, ভুলভাল ওষুধ খেয়েছেন। মারা গেছেন। এতে খুনের অ্যাঙ্গেল এলো কোথা থেকে?’
‘সেটাই তো ঘটনা, স্যার। দুই সপ্তাহ আগে তাদের বাড়িতে কেউ ঢোকার চেষ্টা করেছিল। মিসেস আশরাফের ধারণা, সেদিনই তার স্বামীকে মারতে এসেছিল কেউ।’
‘চুরি বা ডাকাতির চেষ্টাও হতে পারে।’
‘কী হতে পারে, সেটি বোঝার আর উপায় নেই। কারণ, সেই লোক বাড়িতে ঢোকার আগেই কুকুর ঘেউ ঘেউ করে সবার ঘুম ভাঙিয়ে দেয়। তারপর হইচইয়ে আর ভেতরে ঢুকতে পারেনি সে। পালিয়ে গিয়েছিল কাঁটাতারের দেয়াল টপকে।’
জুলফিকার মাথা ঝাঁকায়। লম্বা করে একবার ‘হুমম’ বলে। মিজু বুঝতে পারে, জুলফিকার নিজের চিন্তায় ডুব দিয়েছে। এখন আর কিছু বলা যাবে না। রাস্তায় বাকিটা সময় সে চুপই থাকে।
দুই
আশরাফ সাহেবের বাড়ির সামনে ময়লার ভ্যান দাঁড়িয়ে। ময়লা নিতে আসা ছেলেটাকে জিজ্ঞাসা করে জুলফিকার।
‘প্রতিদিন ময়লা নাও?’
‘একদিন পরপর নিই।’
পুলিশ দেখে কাজের মেয়েটিও সালাম দেয়। জুলফিকার ময়লার বালতি পরীক্ষা করতে বলে কনস্টেবলকে। তারপর মিজুকে নিয়ে দোতলায় ওঠে।
সিঁড়ির পাশে একটা কোনায় বাড়ির কুকুরটা মনমরা হয়ে গুটিসুটি মেরে আছে। অপরিচিত মানুষ দেখেও রা করল না।
দোতলায় বসার ঘরে কিছুক্ষণ অপেক্ষার পরেই মিসেস আশরাফের দেখা পাওয়া যায়। চোখ কান্নায় ফোলা। বয়স পঞ্চান্নর কাছাকাছি। একসময় যে সুন্দরী ছিলেন, চেহারায় তার ছাপ এখনো আছে।
জুলফিকার সরাসরি প্রশ্ন করে, ‘কারও ওপরে সন্দেহ হয়?’
‘সৎ সরকারি কর্মকর্তা ছিলেন। শত্রুর কি আর কমতি হয়? আপনারা ভালো বুঝতে পারবেন।’
‘বাসায় সম্প্রতি দামি কিছু আনা হয়েছে? টাকা, গয়না?’
মিসেস আশরাফ কিছুটা ইতস্তত করে উত্তর দেন, ‘না, তেমন কিছু তো নেই।’
‘তাহলে চোর কী নিতে এসেছিল সেদিন?’
‘সেটা চুরির ঘটনা না। আমার বিশ্বাস, সেদিনই ওকে মারতে এসেছিল। কিন্তু জিমির চিল্লাচিল্লিতে পালিয়ে যায়।’
‘জিমি? আপনাদের কুকুর? কিন্তু ওটা তো দেখলাম নিচে চুপচাপ বসে আছে। আমরা দুজন অপরিচিত লোক ঢুকলাম। কোনো শব্দই করল না।’
‘আশরাফের খুব আদরের ছিল। বাচ্চার মতো ভালোবাসত। জিমি খেতে না চাইলে নিজেই খাবারের দানা মুখে নিয়ে বলত— নে, খাবি না? আমি খেয়ে ফেললাম। তখন জিমি দৌড়ে এসে সব খেয়ে ফেলত।’
কথাটা বলতে গিয়ে কেঁদে ফেলেন মিসেস আশরাফ।
জুলফিকার মিসেস আশরাফের কাছ থেকে বিদায় নিয়ে সিঁড়িতে নেমেই দেখতে পান, কনস্টেবলের সঙ্গে কাজের মেয়েটা গল্প জুড়ে দিয়েছে।
‘পাওয়া গেল কিছু?’ হাঁক ছাড়ে জুলফিকার।
কনস্টেবল থতমত খেয়ে উত্তর দেয়, ‘না স্যার। শুধু রান্নাঘরের ময়লা আর কুকুরের খাবার।’
‘কুকুরের খাবার মানে?’
উত্তরটা কাজের মেয়ে দেয়, ‘ডগ-ফুড স্যার। প্যাকেটে আসে। খালু গত সপ্তাহে নেটে অর্ডার দিছিল। কিন্তু এইবারেরটা জিমি একেবারেই খাইতে চায় না।’
বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশের এটিএম বুথটি চোখে পড়ে জুলফিকারের। মিজুকে বলে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে।
তিন
ফরেনসিকের ডাক্তার মেহেরিনের রিপোর্টেও সেই একই মেডিসিনের কথা লেখা আছে।
‘কিন্তু মজার ব্যাপার হলো, যতটুকু ড্রাগ শরীরে পাওয়া গেছে, তাতে তার মারা যাওয়ার কথা ছিল না। কিন্তু আগে থেকেই রেনাল ইমপেয়ারমেন্ট থাকায় অল্প ডোজেই মৃত্যু হয়েছে।’ বলল মেহেরিন।
‘কিডনি ডিজিজ? কী ধরনের?’ জুলফিকার জানতে চান।
মেহেরিন যোগ করে, ‘একটা কিডনি অপারেশন করে বাদ দেওয়া হয়েছিল। অন্যটা ট্রান্সপ্ল্যান্ট করা।’
এই তথ্যে জুলফিকার ও মিজু সমানভাবে অবাক হয়।
মেহেরিনের রুম থেকে বের হতেই মিজুর প্রশ্ন, ‘এই ব্যাপারে মিসেস আশরাফ কিছুই বলেননি। ব্যাপারটা চেপে যাওয়ার কারণ কী হতে পারে?’
‘ডোনার রিলেটেড সমস্যার কারণে বেশিরভাগ টাকা-পয়সাওয়ালা মানুষ দেশের বাইরে গিয়ে ইলিগ্যাল ওয়েতে ট্রান্সপ্ল্যান্ট করায়। সেজন্যই হয়তো মিসেস আশরাফ ব্যাপারটা চেপে গেছেন। কিন্তু এই ডোনার কে?’
চার
চাপের মুখে মিসেস আশরাফ স্বীকার করেন, কিডনির ডোনার তাদের বাড়ির কাজের মেয়ে নীলুফা।
মাথা নিচু করে জুলফিকারের সামনে বসে আছে নীলুফা, বয়স ৩০-এর কোটায়। কীসের বিনিময়ে কিডনি দিতে রাজি হলো নীলুফা?
‘আমারে খালাম্মা কইছিল, সারা জীবন থাকা-খাওয়ার ব্যবস্থা করব আর আমার স্বামীরে ইউরোপে পাঠায় দিব।’ উত্তর দেয় নীলুফা।
‘স্বামী কোথায় এখন?’
‘খালুর একটা দোকান আছে। ওইখানে কাজ করে। ভিসা, পাসপোর্টের কী কী সমস্যায় আর বিদেশ যাওয়া হয় নাই। গরিবের কপাল!’
সেদিন বিকালেই নীলুফার স্বামীর সঙ্গে তার দোকানে গিয়ে দেখা করে পুলিশ। লোকটার নাম শান্ত। যেমন নাম, ব্যবহারেও তেমন। পুলিশ দেখে বিচলিত হলেন না। যেন আশাই করছিলেন, পুলিশ আসবে। দোকানের নাম ‘জোয়ারদার ফার্মেসি’।
কথায় কথায় শান্ত জুলফিকারকে জানায়, সে আশরাফ সাহেবের প্রতি কতটা কৃতজ্ঞ।
‘আমিই তো খালুর জমি বিক্রির জন্য বায়ার খুঁজে আইনা দিলাম। খালু আমারে কমিশনও দিছে। আমি চাই নাই। খালু নিজের থেকেই দিছে।’ বলতে বলতে শান্তর চোখে পানি চলে আসে।
কান্না থামিয়ে শান্ত উঠে তাদের জন্য চা আনতে যায়। হাঁটার সময় জুলফিকার লক্ষ করে, লোকটা একটু খুঁড়িয়ে হাঁটছে।
‘পায়ে ব্যথা পেয়েছেন কবে?’
‘অটো থেকে পড়ে গেছিলাম। এমন রাফ চালায়।’
পাঁচ
রাতে মিজু জুলফিকারকে ফোন করে।
‘স্যার, ওই এটিএম নতুন। মাত্র এক সপ্তাহ আগেই চালু হয়েছে। চুরির রাতের ফুটেজ পাইনি। কিন্তু আরেকটা জিনিস পেয়েছি। একজন ডেলিভারি বয়। সন্দেহজনকভাবে ওই রাস্তায় ঘোরাঘুরি করছিল।’
‘আমাকে হোয়াটসঅ্যাপে ফুটেজ পাঠাও।’
ফুটেজটা কয়েকবার প্লে করে দেখে জুলফিকার। মাথায় ক্যাপ, মুখে মাস্ক। চেহারা দেখা যাচ্ছে না। হাতে একটা ডগ-ফুডের প্যাকেট। লোকটা খুঁড়িয়ে হাঁটছে। এই হাঁটা জুলফিকার দেখেছে।
জুলফিকার আবার মিজুকে কল করে, ‘একটা নাম্বার ট্র্যাক করো।’
ছয়
পুলিশের জিপ এসে থামে আশরাফ সাহেবের বাড়ির সামনে।
নীলুফা ব্যাগ নিয়ে বের হচ্ছিল। জুলফিকারকে দেখে থমকে যায়।
‘এত তাড়াহুড়ায় কোথায় যাচ্ছেন?’
‘হঠাৎ মা অনেক অসুস্থ হইয়া পড়ছে। একটু বাড়ি যাইতেছি।’
‘ওপরে আসেন। আপনার খালাম্মার সঙ্গে কিছু কথা আছে। আপনিও শুনলেন। তারপর আমাদের জিপে করেই জায়গামতো দিয়ে আসব।’
জুলফিকারের সামনে বসে আছেন মিসেস আশরাফ। পাশে দাঁড়িয়ে আছে নীলুফা।
‘নীলুফা, আপনার স্বামীকে একটা কল দেন তো।’ কণ্ঠে কঠোরতা জুলফিকারের।
নীলুফা ইতস্তত করে কল দেয়। কিন্তু ফোন বন্ধ।
‘সমস্যা নেই। আপনি তো আছেন। কান টানলে মাথাও আসবে।’
মিসেস আশরাফের দিকে তাকিয়ে বড় একটা শ্বাস ছেড়ে শুরু করে জুলফিকার, ‘আপনার বাসায় প্রায় দেড় কোটি টাকা রাখা আছে। কিন্তু আপনি সেটি স্বীকার করেননি। না করাই স্বাভাবিক। যে জমিটি বিক্রি করেছেন, সেটি আপনার বা আশরাফ সাহেব কারও ইনকাম ট্যাক্স হিসেবে দেখানো নেই। তাই টাকাটা ব্যাংকে না রেখে ক্যাশে নিয়েছেন। এই বিষয়টা শান্ত ভালো করেই জানে। আর সে এটাও জানে, টাকা খরচ করে আপনারা তাকে কোনোদিন বিদেশ পাঠাবেন না। এতগুলো টাকা হাতে পাওয়ার যখন সুযোগ আসে, তখন সে সেটি হাতছাড়া করতে চায়নি। প্রথম একবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বারের চেষ্টায় ছিল। এর মধ্যে আশরাফ সাহেব খুন হন।’
‘শান্ত খুন করেছে আশরাফকে?’ মিসেস আশরাফের গলা ধরে আসে প্রশ্নটা করার সময়।
‘টেকনিক্যালি, সেটি তার উদ্দেশ্য না হলেও খুনের দায় শান্তর ওপরেই বর্তায়। নীলুফা ছিল পার্টনার ইন ক্রাইম।’ জুলফিকারের কথা শেষ করার আগেই মিজুর কল আসে। ফোন রেখে জুলফিকার বলল, ‘শান্ত ধরা পড়েছে। নীলুফাকেও আমরা নিয়ে যাচ্ছি। বাকি রিভিলেশন ইন্টারোগেশন রুমেই হোক।’
পাঠক বলুন তো, শান্ত ও নীলুফার আসল উদ্দেশ্য কী ছিল? কীভাবে আশরাফ সাহেব খুন হন?
উত্তর পাঠাতে হবে ২৫ নভেম্বরের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন ১০০০ টাকার বই।



