রজনীকান্ত-সুরিয়ার মুখোমুখি হতে নারাজ ধানুশ, পেছালেন সিনেমা মুক্তি

রজনীকান্ত, ধানুশ ও সুরিয়া
বক্স অফিসে বড় বাজেটের সিনেমার মুখোমুখি সংঘাত এড়াতে এবং জ্যেষ্ঠ অভিনেতাদের প্রতি শ্রদ্ধার অনন্য নজির গড়েছেন দক্ষিণী সুপারস্টার ধানুশ। এ কারণে তিনি তার বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘ওম: চ্যাপ্টার ১’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সিনেমা ইন্ডাস্ট্রির পারস্পরিক সম্মান ও সুস্থ পরিবেশ বজায় রেখে খুব শিগগিরই ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করবেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন এ অভিনেতা।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সিনেমাটি আগামী ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল। তবে একই সময়ে দুই মেগাস্টার রজনীকান্ত এবং সুরিয়ার বড় বাজেটের সিনেমা মুক্তির তারিখ থাকায় সমঝোতার পথ বেছে নিলেন এ অভিনেতা।
১৫ অক্টোবর বিশ্ব জুড়ে মুক্তি পেতে যাচ্ছে রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ব্লকবাস্টার সিক্যুয়েল ‘জেইলার ২’। আর তার ঠিক একদিন পরেই আসার কথা ছিল ধানুশের ‘ওম’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক আবেগঘন বিবৃতিতে ধানুশ জানান, ‘আমাদের সুপারস্টার রজনীকান্ত স্যারকে ছোটবেলা থেকেই আমরা শ্রদ্ধা ও পূজা করে এসেছি। তার সিনেমার সঙ্গে একই সময়ে এসে ব্যবসা ভাগ করার কোনো ইচ্ছে আমাদের নেই। তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ওম এর মুক্তি পিছিয়ে দিচ্ছি’।
একই সঙ্গে দীপাবলি উৎসবেও ছবি না আনার কথা স্পষ্ট করেছেন ধানুশ। দীপাবলি উপলক্ষে আগেই তারিখ বুকিং করে রেখেছেন আরেক তামিল সুপারস্টার সুরিয়া।
ধানুশের মতে, ‘ইন্ডাস্ট্রির ভালোর জন্য বড় সিনেমাগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া থাকা দরকার। যেহেতু তারা আগে মুক্তির তারিখ ঘোষণা করেছেন, তাই আমরা সেই তারিখকেও সম্মান জানাচ্ছি’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই সিনেমায় ধানুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তামিল ও মালয়ালম ইন্ডাস্ট্রির এক ঝাঁক দাপুটে তারকা। সিনেমায় ধানুশের সঙ্গে দেখা যাবে দক্ষিণী মেগাস্টার মামুট্টি, গ্ল্যামারাস কুইন সাই পল্লবী এবং শ্রীলীলা-কে।
পাশাপাশি এ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর তামিল সিনেমায় ফিরছেন বলিউড ও থিয়েটারের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সর্বশেষ ২০০০ সালে কমল হাসান ও শাহরুখ খানের সঙ্গে ‘হে রাম’ সিনেমায় তামিল ভাষায় কাজ করেছিলেন তিনি।
সম্প্রতি ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়া ধানুশ খুব শিগগিরই ‘ওম: চ্যাপ্টার ১’-এর নতুন মুক্তির তারিখ ঘোষণা করবেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন।




