রোমান্টিকতায় ছেলেকেও হার মানালেন আবু বকরের বাবা!
বিনোদন ডেস্ক

সংগৃহীত ছবি
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর নতুন পর্বে উঠে এসেছে নায়ক আবু বকরের বাবা-মায়ের পুরোনো প্রেমের গল্প। শুক্রবার (২০ নভেম্বর) প্রচারিত ৩২তম পর্বে খুশবাখত নিজের অতীতের গল্প শোনান নায়িকা জারিয়াবকে। সেই গল্পেই দেখা যায়, প্রেমের বিষয়ে ছেলে আবু বকরকেও যেন ছাড়িয়ে গেছেন তার বাবা আমান।
পর্বটিতে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে খুশবাখতের তরুণ বয়সের গল্প দেখানো হয়। তখন তার ডাক নাম ছিল বেলা। বেলা চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি। বাবা কুদরতুল্লাহর আদরে বড় হওয়া বেলার জীবনে একসময় আসেন আবু বকরের বাবা আমান।
পেশায় ইংরেজির অধ্যাপক আমান প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কুদরতুল্লাহ তাকে নিজের বাড়িতে বিনা ভাড়ায় থাকার সুযোগ দেন। যদিও বাড়িতে তরুণী মেয়ে থাকায় আমানকে নিয়ে শুরুতে আপত্তি জানিয়েছিলেন বেলার বাবা কুদরতুল্লাহর মা ও স্ত্রী।
ধারাবাহিকের এই পর্বে আমানের চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। পর্দায় তাকে কখনো আবু বকর, আবার এবার তার বাবা আমান হিসেবে দেখা গেছে।
আবু বকর ও আমানের প্রেমের ধরনে রয়েছে বেশ পার্থক্য। জারিয়াবের প্রতি আবু বকরের ভালোবাসায় লাজুকতা, সম্মান ও মিষ্টি আচরণ দেখা যায়। অন্যদিকে আমান বেশ আত্মবিশ্বাসী, চতুর ও বেপরোয়া ভঙ্গিতে বেলার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। এমনকি যে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি পড়ান, সেখানেও তার প্রতি মুগ্ধ নারী শিক্ষার্থীর অভাব নেই।
পর্বটি প্রচারের পর সামাজিক মাধ্যমে আবু বকর ও তার বাবাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক দর্শকের মন্তব্য, প্রেম ও ছলাকলায় ছেলেকে ছাড়িয়ে গেছেন বাবা আমান। কেউ কেউ মজা করে বলছেন, আবু বকরের রোমান্টিক স্বভাব বাবার কাছ থেকেই পাওয়া। আবার অনেকে বলছেন, প্রেমের ছলাকলায় জামিলকেও চার গুণ পেছনে ফেলেছেন আবু বকরের বাবা আমান।
ধারাবাহিকটিতে আবু বকর ও জারিয়াবের চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম। উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
প্রথম ২৩ পর্বের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকটির দর্শকসংখ্যা ১৭০ কোটি ছাড়িয়ে যায়। ইউটিউবেই দেখা হয়েছে ১০০ কোটির বেশি বার। দর্শকদের আগ্রহের কারণে শুরুতে ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ৪২ পর্ব করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে এর আরবি ভাষার সংস্করণ প্রচারের কথা রয়েছে।





