রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

ভোটেকোশী নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা দিতে ব্যক্তিগতভাবে ছুটে যাচ্ছেন নেপালের তারকা ও শিল্পীরা। তারা দুর্গতদের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন। মিস নেপাল দীপমালা ধাকাল, গায়ক দুর্গেশ থাপা ও অভিনেতা পল শাহ বর্তমানে বন্যাকবলিত নুয়াকোটে অবস্থান করছেন।
‘হামি নেপাল’ সংগঠনের সহযোগিতায় নুয়াকোটের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করছেন দীপমালা ধাকাল। তিনি জানিয়েছেন, বিভিন্ন ত্রাণশিবিরে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাচ্ছেন তারা। শুধু বন্যার্তরাই নন, উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদেরও জরুরি ভিত্তিতে রেইনকোট ও বুট প্রয়োজন।
গায়ক দুর্গেশ থাপাও নুয়াকোটের বিদুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার ও পোশাক বিতরণ করছেন। তিনি নিজ হাতে ভাত পরিবেশন করে বন্যার্তদের খাওয়াচ্ছেন।
অভিনেতা পল শাহ জানিয়েছেন, নুয়াকোটের বিদুর পৌরসভার পিপালতারে ৪০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন তিনি। এর মধ্যে ২০০ পরিবারকে কাঁথা, গদি ও কম্বল দেওয়া হয়েছে। বাকি ২০০ পরিবারের মধ্যে অন্তর্বাস, শাল, নুডলস, বিস্কুট, স্যালাইন ও স্যানিটারি প্যাড বিতরণ করা হয়েছে।
অভিনেত্রী প্রিয়াঙ্কা কার্কি জানিয়েছেন, তার কাছে পাওয়া পোশাক ও অনুদানের সামগ্রী এখনো ত্রাণ পৌঁছায়নি— এমন এলাকাগুলোতে বিতরণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রাণসামগ্রীর ভিডিও-ও শেয়ার করেছেন এই অভিনেত্রী।
র্যাপার ভিটেনও নুয়াকোটের বিদুরে গিয়ে ত্রাণ বিতরণ করছেন। গায়ক একদেব লিম্বু একটি ভ্যানভর্তি ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছেছেন। সেখানে তিনি সবজিও বিতরণ করেছেন।
সামাজিক মাধ্যমে একদেব লিম্বু লিখেছেন, ‘আমি যতটুকু ছোট্ট ভূমিকা রাখতে পেরেছি, তা করার পর ফিরে আসার মধ্যে এক বিশেষ আনন্দ রয়েছে।’
গায়িকা সমীক্ষা অধিকারী জানিয়েছেন, কাস্কি জেলা প্রশাসন কার্যালয়ের মাধ্যমে রাসুয়া জেলার বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী দিয়েছেন তিনি।
কনটেন্ট ক্রিয়েটর ইভা গিরিও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছেন। ইনস্টাগ্রামে প্রকাশ করা ভিডিওতে তাকে ওষুধ, খাবার ও পোশাক বিতরণ করতে দেখা গেছে।
এদিকে গোসাইকুণ্ড সফরে থাকা অভিনেত্রী রিচা শর্মা পোশাক সংগ্রহের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বন্যায় আটকে পড়া স্থানীয়দের মধ্যে বিশেষ করে নারী ও শিশুদের জন্য পোশাকের জরুরি প্রয়োজন রয়েছে।
এ ছাড়া আরও কয়েকজন শিল্পী নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিয়েছেন বলেও জানা গেছে।
সূত্র- অনলাইন খবর, নেপাল








