আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

প্রিয়ন্তী উর্বী
কনটেইনারে থাকার অভিজ্ঞতা নিয়ে গতকাল একটি রিল প্রকাশ করেছিলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী । প্রকাশের পর থেকেই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। এখন পর্যন্ত রিলটি প্রায় ৭ থেকে ৮ লাখ মানুষ দেখেছেন বলে জানিয়েছেন তিনি। তবে রিলটির নিচে কিছু মন্তব্য নিয়ে তীব্র অস্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।
একটি দীর্ঘ ফেসবুক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করে উর্বী লিখেছেন, ‘গতকাল আমি একটা রিল আপলোড করেছিলাম কনটেইনারে থাকার অভিজ্ঞতা নিয়ে। এখন পর্যন্ত প্রায় ৭–৮ লাখ মানুষ রিলটা দেখেছেন। এত মানুষের ভালোবাসা, আগ্রহ আর সুন্দর মন্তব্যের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’
তবে কিছু মন্তব্য তাকে অস্বস্তিতে ফেলেছে জানিয়ে তিনি লিখেছেন, ‘কিন্তু সেই রিলের নিচে কিছু মানুষের মন্তব্য পড়ে আমি সত্যি খুব অস্বস্তিতে পড়েছি। একটা মেয়ের শরীর, পোশাক, ব্যক্তিগত জীবন নিয়ে এত নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, আমি জানি না।’
নিজের পোশাক, শরীর ও সামাজিক মাধ্যমের প্রোফাইল নিয়ে অন্যদের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই—আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।’
কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের স্ক্রিনশট প্রকাশ করেছেন জানিয়ে উর্বী বলছেন, ‘আমি এসব মন্তব্যের স্ক্রিনশট নিয়ে একে একে সবাইকে এক্সপোজ করলাম। যারা এসব লিখছেন, তাদের পরিবার, স্ত্রী, প্রেমিকা কিংবা কাছের মানুষদের কাছেও এসব স্ক্রিনশট পাঠানোর কথা আমার মাথায় এসেছে।’
এর কারণ ব্যাখ্যা করে তিনি লিখেছেন, ‘কারণ অনেক সময় মানুষ নিজের মা-বোন-স্ত্রীকে সামনে রেখে যে ভাষায় কথা বলে না, সামাজিক মাধ্যমে অন্য একটা মেয়েকে নিয়ে সেই ভাষাই ব্যবহার করে।’
এ ধরনের আচরণ নিয়ে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, ‘কিন্তু এই দেশের মেয়েদের ভবিষ্যৎ কী? আমরা আমাদের ছেলেমেয়েদের কী শেখাচ্ছি? যাদের অনেকেই স্কুল-কলেজে পড়ে, তাদের কাছ থেকে যদি একজন মেয়েকে নিয়ে এমন ভাষা শুনতে হয়, তাহলে সত্যিই ভয় লাগে।’
নিজের ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত জীবন প্রসঙ্গে উর্বী বললেন, ‘আমি একজন মুসলিম। আল্লাহকে বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা রাখি। আমি বিবাহিত।’
দেশ ও সমাজের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মাঝে মাঝে সত্যিই মনে হয় জন্মের আগে আমি কী এমন পাপ করেছিলাম যে আমার জন্ম বাংলাদেশে হলো? কথাটা হয়তো রাগ আর কষ্ট থেকে বলছি, কিন্তু কিছু মন্তব্য পড়ে নিজের দেশ আর সমাজ নিয়ে খুব অসহায় লাগে।’
কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের জন্যও দোয়া করেছেন, ‘আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দিন এবং আমাকে কখনো তাদের মতো হওয়ার থেকে রক্ষা করুন। কারণ এসব মন্তব্য পড়তে আমার নিজেরই লজ্জা লাগে, ঘৃণা লাগে, খুব আনইজি লাগে। আমার ফেসবুক-এ আমি কী পোস্ট করব, সেটা আমার সিদ্ধান্ত। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। এতটুকু রেসপেক্ট আমি আশা করি।’
উর্বী বলছেন, ‘এমন অনুসারী থাকার চেয়ে কোনো অনুসারী না থাকাই আমার কাছে ভালো। যারা আমাকে ভালোবাসেন, আমাকে সমর্থন করেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তিনি আমাকে এমন নোংরা মানসিকতা নিয়ে জন্ম দেননি।’









