জন্মদিনে সুখবর

শবনম ইয়াসমিন বুবলী
অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিন ছিল গতকাল শুক্রবার। এই দিনে সুখবর পেলেন তিনি। প্রযোজক হিসেবে তার প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশনের প্রথম সিনেমা এটি। এর গল্প ও পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত নূর রাফতি। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী মিলনাজ উসায়েম নাবহান ও পূর্ণতা। আগামী বছরের ৯ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
প্রযোজনায় নতুন যাত্রার পাশাপাশি অভিনয় নিয়েও আলোচনায় রয়েছেন বুবলী। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘জংলি’-তে চিকিৎসক তিথি চরিত্রে অভিনয় করেন তিনি। চলতি বছর ঈদে মুক্তি পায় তার অভিনীত ‘প্রেশার কুকার’। তবে সিনেমাটির প্রচার-প্রচারণায় তাকে দেখা যায়নি।
গত ১১ মে দ্বিতীয়বার মা হয়েছেন বুবলী। কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পরও নিয়মিত জনসমক্ষে দেখা যায়নি অভিনেত্রীকে। বুবলী জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
জানুয়ারিতে অভিনেত্রী শুটিংয়েও ফিরবেন। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরছেন। পরিচালক জানিয়েছেন, আগামী জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। নতুন আরও কয়েকটি সিনেমা নিয়েও পরিচালকদের সঙ্গে আলোচনা চলছে।



