ঢাকায় শুরু হলো দুই দিনের ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব’

উদ্বোধনী অনুষ্ঠানে সাধকশিল্পীদের পরিবেশনা - ভাবনগর ফাউন্ডেশন
প্রাচীন বাংলার বৌদ্ধ তান্ত্রিক সাধনসংগীত চর্যাপদের গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ঢাকায় শুরু হয়েছে দুদিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’। ‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্যে গতকাল শনিবার ছিল এর উদ্বোধন। আয়োজনে ভাবনগর ফাউন্ডেশন।
বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে জার্মানির গবেষক ও উন্নয়নকর্মী ড. ম্যাক্স স্টিল বলেন, ‘ভাবনগর ফাউন্ডেশন প্রাচীন বাংলার বৌদ্ধ তান্ত্রিক সাধনসংগীত চর্যাপদের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জাগরণের কাজ করে চলেছে। এই কর্মকাণ্ডে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সাধকশিল্পীদের অংশগ্রহণ সত্যিই আশা জাগানিয়া।’
উদ্বোধনী আয়োজনে সাধকশিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন চর্যাপদের আদি কবি লুইপা রচিত প্রথম পদ ‘কাআ তরুবর’। চুয়াডাঙ্গার সাধিকা সৃজিনী তানিয়া পরিবেশন করেন কাহ্নপা রচিত চর্যাপদের ১৯ সংখ্যক পদ ‘ভব নির্বাণে পড়হ মাদলা’।
আজ রবিবার বিকাল ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির ফটকের বিপরীতে ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত স্থানে রয়েছে উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন। এতে থাকবে চর্যাসংগীত প্রশিক্ষণ কর্মশালা, সাধুসঙ্গ ও চর্যাসংগীত শোভাযাত্রা। কর্মশালায় চর্যাপদের বাণী, সুর ও পরিবেশনরীতি নিয়ে প্রশিক্ষণ দেবেন বরিশালের শাহ আলম দেওয়ান এবং সাধিকা সৃজিনী তানিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা, সিলেটি নাগরীলিপি গবেষক মোস্তফা সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জোবায়ের আবদুল্লাহ, কবি শাহেদ কায়েস এবং কবি ও গবেষক ড. আসাদ আহমেদ। সভাপতিত্ব করেন ডা. শামসুল আলম। সঞ্চালনায় ড. সাইমন জাকারিয়া।




