বিয়ে করেছেন সোহানা সাবা
বিনোদন প্রতিবেদক

ফয়সালের সঙ্গে সোহানা সাবা
দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ২০২৩ সালে তার প্রেমের গুঞ্জন উঠলে বিষয়টি স্বীকার করেছিলেন এই অভিনেত্রী। তবে তখন প্রেমিকের পরিচয় প্রকাশ করেননি তিনি। এবার জানা গেল, সেই প্রেমের সম্পর্ক গড়িয়েছে বিয়েতে।
সোহানা সাবা জানিয়েছেন, তার বর্তমান স্বামীর নাম ফয়সাল। তিনি পেশায় একজন ব্যবসায়ী। দেড় বছরেরও বেশি সময় আগে তাদের বিয়ে হয়েছে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করতে চাননি অভিনেত্রী।
ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু ও বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে সোহানা সাবা বললেন, ‘মনে হয়েছে, এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন, প্রথম দেখাতেই। সে আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে হ্যাঁ বলেছি।’
এর আগে নির্মাতা মুরাদ পারভেজকে ভালোবেসে বিয়ে করেছিলেন সোহানা সাবা। তাদের প্রায় ১০ বছরের সংসার ছিল। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে।





