ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

এসআই রাসেল
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে রাসেল মিয়া নামের পুলিশ কর্মকর্তার (এসআই) বিরুদ্ধে।
এ ঘটনায় আজ সোমবার ওই পুলিশ কর্মকর্তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের রাজিব আহমেদের ফলের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফল কেনার পরও প্রায় পাঁচ মিনিট ওই দোকানে অবস্থান করেন এসআই রাসেল। এ সময় দোকানের টেবিলের ওপর রাজিব আহমেদের কালো রঙের একটি স্মার্টফোন রাখা ছিল। একপর্যায়ে এসআই রাসেল হাতে থাকা একটি ফাইল ও নিজের লাল রঙের মোবাইল ফোনটি দোকানির মোবাইলের ওপর রাখেন। পরে কথা বলার সময় দুটি ফোনই পকেটে নিয়ে চলে যান।
কিছুক্ষণ পর নিজের মোবাইল ফোন খুঁজে না পেয়ে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন ব্যবসায়ী রাজিব আহমেদ। এতে এসআই রাসেলকে মোবাইলটি নিয়ে যেতে দেখা যায় বলে জানান তিনি।
তার দাবি, পরে তিনি এসআই রাসেলের কাছে মোবাইল ফোনটি ফেরত চান। তবে রাসেল প্রথমে ফোন নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে সিসিটিভি ফুটেজের কথা জানানো হলে গভীর রাতে মোবাইলটি ফেরত না দিয়ে তাকে ১৫ হাজার টাকা দেওয়া হয় বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে এসআই রাসেল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানালেন, তিনি সিসিটিভি ফুটেজটি দেখেছেন। ব্যবসায়ীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। মোবাইল ফোন হারিয়ে ফেলায় এসআই রাসেল ১৫ হাজার টাকা পরিশোধ করেছেন। ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সোমবার তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।




