পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

সংগৃহীত ছবি
ফেনীতে বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে গেছে দ্রুতগামী কাভার্ড ভ্যান। আজ সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের শর্শদি ইউনিয়নের ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেনীর বেসরকারি পলিটেকনিক আইসিএসটির শেষ বর্ষের ছাত্র মফিদুল ইসলাম ইয়ামিন (২৩)। ফেনী সদরের মোহাম্মদ আলী বাজারের পাশে এসএনবি বিস্কুট কারখানায় বিক্রয় বিভাগে খণ্ডকালীন চাকরি করতেন তিনি। আজ দুপুরে কারখানা থেকে ফেনী শহরের দিকে আসার পথে ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় দ্রুত গতির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে কারখানার লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চমেকেই তিনি মারা যান বলে জানান ইয়ামিনের ভাই অনীক।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়েজুল কবির জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত ছিল। রক্তক্ষরণ হচ্ছিল। এ ছাড়া তার দুই পায়ের গোড়ালিতে আঘাত ছিল, শিরা ছিঁড়ে গিয়েছিল। এক হাতের কনুইতেও আঘাত ছিল। এজন্য তাকে চট্টগ্রামে নেওয়াার পরামর্শ দেওয়া হয়।
মহাসড়কের মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেছেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। চট্টগ্রাম থেকে মরদেহ ফেনীতে আনার পর রাত ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




