ঢাবিতে লাগাতার ককটেল বিস্ফোরণ, ব্যর্থতার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা তিন দিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনা, হলসংলগ্ন সড়ক ও জনসমাগমস্থলে এসব বিস্ফোরণ ঘটলেও তা প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর। প্রতিটি ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সন্দেহভাজনদের আটক করতে দেখা গেলেও প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
গত রবিবার সন্ধ্যা থেকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা শুরু হয়। প্রথম দিন টিএসসি, নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, সিনেট ভবন, প্রশাসনিক ভবনের পাশ, উপাচার্য চত্বর এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মধ্যবর্তী সড়কসহ বিভিন্ন স্থানে আট থেকে নয়টি বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায়ও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পর শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন। তাদের একজনকে টিএসসি এলাকা থেকে এবং অন্যজনকে বিশ্ববিদ্যালয়ের উদ্যানের দ্বিতীয় ফটকের কাছ থেকে আটক করা হয়।
একই দিন রাতে মুহসীন হলের পেছনে একটি টিফিন ক্যারিয়ারে বোমাসদৃশ বস্তু, গোলাপ ও হুমকিসংবলিত চিঠি পাওয়া যায়। চিঠিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে সতর্ক করার পাশাপাশি হুমকিমূলক বার্তা দেওয়া হয়। এ ঘটনায় সাধারণ ডায়েরি করার কথা জানায় পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরেও ক্যাম্পাসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলা ২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ও ক্যাম্পাসের শ্যাডো এলাকায় বিস্ফোরণ হয়। এর একটি ককটেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রভাষক তাসনিম নাবিলা ইসলামের গাড়ির সামনের কাচে আঘাত করে। এতে গাড়িটির চালক সোহেল (৩৬) গুরুতর আহত হন। ককটেলের আঘাতে গাড়ির সামনের কাচ ভেঙে চালকের মাথা ও শরীরে আঘাত লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
একই ঘটনায় আহত হন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আরেফিন সেলিম। পরীক্ষার হলে যাওয়ার পথে এফবিএস ভবনের সামনে তিনি ককটেলের আঘাত পান।
আরেফিন সেলিম বলেন, ‘কলাভবনের দিকে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনার কয়েক সেকেন্ড পরই এফবিএসে পার্ক করা একটি গাড়ির ওপর আরেকটি ককটেল এসে পড়ে। আমি গাড়িটির পাশ দিয়ে যাচ্ছিলাম। ককটেলটি আমার গায়েও লাগে। ওপর থেকে ককটেলটি এসে পড়েছে বুঝতে পেরেছি, তবে কোন ভবন থেকে ছোড়া হয়েছে বুঝতে পারিনি। মেডিকেল থেকে ভ্যাকসিন নিয়েছি। আপাতত ভালো আছি।’
৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিন দিনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে মোট ১০ থেকে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
টানা তিন দিন ধরে বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ছাত্রীদের হলের সামনের সড়কেও বিস্ফোরণের ঘটনা ঘটায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের নিয়মিত বাসে যাতায়াত করতে হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ ও বাসস্ট্যান্ডের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, টিএসসির মতো জনাকীর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে দুর্বৃত্তরা ব্যাগভর্তি ককটেল নিয়ে এসে বিস্ফোরণ ঘটিয়ে নির্বিঘ্নে চলে যাচ্ছে, তা তাদের বোধগম্য নয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিস্ফোরণের সময় প্রক্টরিয়াল টিমের দৃশ্যমান উপস্থিতি কিংবা প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা যায়নি বলেও অভিযোগ তাদের।
শিক্ষার্থীদের প্রশ্ন, প্রতিবার বিস্ফোরণের পর সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সন্দেহভাজনদের আটক করতে হচ্ছে কেন? ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রক্টরিয়াল টিম ও পুলিশ আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারছে না কেন?
ঢাবি শিক্ষার্থী ইমাম বলেন, প্রক্টর তার দায়িত্ব পালনে চরম অবহেলা দেখাচ্ছেন। প্রতিনিয়ত ককটেল বিস্ফোরণ হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এমনকি এতগুলো সিসিটিভি ক্যামেরা থাকলেও কাউকে শনাক্ত পর্যন্ত করতে পারেনি প্রক্টর অফিস।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আমরা সবসময়ই সচেতন। এফবিএসের ঘটনায় দুইজন আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত শনাক্ত করা হবে।’
যা বলছে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো
ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠন। তাদের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান বলেন, প্রথম দিন বিস্ফোরণের ঘটনার পরই তারা প্রক্টরের সঙ্গে দেখা করে কথা বলেন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে আগামী দুই মাসের মধ্যে ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগের কথা জানানো হয়।
তিনি বলেন, ফ্যাসিবাদী পক্ষ থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হলেও তা মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে প্রশাসন সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেনি। পরবর্তী সময়ে ক্যাম্পাসে আবারও বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিরা আহত হলে তারা তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ করেন। পরে প্রশাসনের কাছে জানতে চাইলে অধিকতর তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
মহিউদ্দিন খান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের নামে প্রক্রিয়া দীর্ঘায়িত করছে। এর আগেও বিভিন্ন ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রলীগের হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি তৈরি হলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তার মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর সামগ্রিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আহসান বলেন, গত পরশু রাতেই তারা প্রক্টরের কাছে গিয়ে জানিয়েছিলেন, আবারও এমন ঘটনা ঘটলে প্রশাসনের পদত্যাগ করা উচিত। ক্যাম্পাসের ভেতরে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটার পর তারা মিছিল করেছেন এবং হাসপাতালে আহতদের দেখতে গেছেন।
তিনি বলেন, পরে প্রক্টরের সঙ্গে দেখা করে অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়েছে। পদত্যাগ না করলে অন্তত ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে হবে। পাঠচক্রে গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি দেখা গেলেও এতগুলো ঘটনার পর প্রক্টরিয়াল বডি কিংবা গোয়েন্দাদের তৎপরতা চোখে পড়ছে না বলে অভিযোগ করেন তিনি। ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তাদের নেতাকর্মীরা সজাগ রয়েছেন বলেও জানান ফেরদৌস আহসান।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, গত দুই দিনে ককটেল বিস্ফোরণ ঘটাতে আসা পাঁচজনকে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরের শাসনামলে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় থাকা ফ্যাসিবাদের সহযোগীরাই পলাতক সন্ত্রাসীদের সহায়তা করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শুরু থেকেই এসব ব্যক্তিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তার অভিযোগ, ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা ব্যক্তিদের কেউ কেউ পরবর্তী সময়ে বিভিন্ন হলে আশ্রয় দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনে ভূমিকা রাখছেন।
নাহিদুজ্জামান শিপন বলেন, রাজনৈতিকভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিজেদের গাফিলতি স্বীকার করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। হলগুলোতে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান ছাত্রদলের এই নেতা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ককটেল বিস্ফোরণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে প্রশাসনকে তৎপর হতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে প্রক্টরিয়াল বডির কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।
মোজাম্মেল বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার কিংবা বিএনপি আমলের প্রশাসনের মধ্যে বিশেষ কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময়েও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হয়নি।
তিনি বলেন, ২০২৪ সালের ১৫ জুলাইয়ের হামলা এবং গত ১৬ বছরের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে হামলাকারীদের পাশাপাশি গণরুম ও গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতনে জড়িত ব্যক্তিদের অধিকাংশই এখনো ক্যাম্পাসে রয়েছেন। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
নারীদের দুই হলে ‘শঙ্কা’
কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী জারিন নাফিসা স্মিতা বলেন, নিরাপত্তা নিয়ে তারা খুবই শঙ্কিত। সমাজকল্যাণ ক্যান্টিন, মৈত্রী হল ও বঙ্গমাতা হলের মূল ফটক দিয়ে বাইরের লোকজনও খাবার খেতে আসেন। ফলে এই পরিস্থিতির সুযোগ নিয়ে যে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। এ কারণে সাময়িকভাবে কয়েক দিনের জন্য মূল ফটক বন্ধ রাখা এবং শুধু শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি সেখানে নিরাপত্তাকর্মী মোতায়েনেরও দাবি জানান এই শিক্ষার্থী।
বিক্ষোভ নানা পক্ষের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ মঙ্গলবার বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা ‘হায় হায়, ছি ছি, ঘুমায় প্রক্টর-ভিসি’, ‘ক্যাম্পাসে ককটেল মারে, কী করে হায় হায় ভিসি, হায় হায় প্রক্টর’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’ এবং ‘শেম অন ভিসি, প্রক্টর’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে প্রবেশ করে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ চালিয়ে যায়। শিবির নেতারা জানান, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাসের নিরাপত্তায় প্রশাসনের ভূমিকা নিয়ে জবাবদিহি চাইবেন বলেও সাংবাদিকদের জানান তারা।
এদিকে ছাত্রদলের একাধিক নেতা ক্যাম্পাসে নিজ নিজ অনুসারীদের নিয়ে মিছিল করেছেন। মিছিল থেকে তারা নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করার ঘোষণা দেন।









