ঢাবি ক্যাম্পাসে তিন ককটেল বিস্ফোরণ

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিস্ফোরিত হয়েছে তিনটি ককটেল। মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং কিছুক্ষণ পর টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাবি ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমানুল বলেন, ‘আমি কোয়ার্টারের দিকে ছিলাম। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ শব্দ শুনতে পাই। এরপর ঘটনাস্থলে এসে ছবি ও ভিডিও নিই।’
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘জগন্নাথ হলের পাশের রোডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। তথ্য যাচাই-বাছাই চলছে।’
এদিকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ঘটে এ বিস্ফোরণ। এর কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্ট এলাকায় স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।




