রায় ঘোষণার পর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি ভিডিও থেকে নেওয়া
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার দুপুর ১টা ১৮ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তার কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্ট এলাকার মধ্যে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে রায় দেওয়া হয়।
হাতবোমা বিস্ফোরণে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দায়িত্বরত পুলিশ সদস্যরা সাংবাদিকদের জানান, বিস্ফোরণটি কারা ঘটিয়েছে সেটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। ঘটনার পর জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তা।
আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন। এই ট্রাইব্যুনালের অন্য দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
দণ্ডিতরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।




