ঢাবিতে ওপর থেকে ছোড়া ককটেল ফাটল গাড়িতে, চালক আহত

ওপর থেকে একটি ককটেল গাড়ির ওপর পড়ে
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের প্রশাসনিক ভবনের সামনে ককটেল বিস্ফোরণে এক প্রাইভেটকারচালক আহত হয়েছেন। তার নাম সোহেল (৩৬)। দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।
কুমিল্লার বাসিন্দা সোহেলকে উদ্ধারকারী শিক্ষার্থী আবরার ফয়সাল রাতুল আগামীর সময়কে বলেন, ঘটনার সময় তিনি পার্কিং করে রাখা গাড়ির ভেতরে বসে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এ সময় ওপর থেকে একটি ককটেল গাড়ির ওপর পড়ে। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং সোহেল আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ‘আহত চালককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এদিকে ঢাবি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। তবে দ্বিতীয় বিস্ফোরণের স্থান ও সময় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



