নির্মাণসামগ্রীর মূল্যে বন্ধ হচ্ছে কারসাজি
- সরকারি ভৌত অবকাঠামো তৈরি

সংগৃহীত ছবি
আমদানিকারকদের কারসাজিসহ সরকারি ভৌত কাজের নির্মাণসামগ্রীর দর নির্ধারণে সাত চ্যালেঞ্জ চিহ্নিত করেছে সরকার। এসব মোকাবিলায় অভিন্ন দর তফসিল বা রেট শিডিউল সংস্কার করা হয়েছে। ফলে এখন আর অতিরিক্ত দাম দেখিয়ে অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ থাকবে না। সম্প্রতি দর তফসিল হালনাগাদ ও সংস্কার প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, এই সংস্কারের ফলে অভিন্ন ভিত্তি দর, অভিন্ন দর বিশ্লেষণ পদ্ধতি এবং বাজারভিত্তিক নিয়মিত রেট শিডিউল হালনাগাদ করা হবে। সম্প্রতি এ সংস্কারপ্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার আগামীর সময়কে বলেছেন, আগে বিভিন্ন প্রকল্পে নানা কার্যক্রমে প্রকৃত দরের তুলনায় ৩০-৪০ শতাংশ বেশি দর দেখিয়ে অনিয়ম করা হতো। কিন্তু এখন বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি ও ডলারের বিনিময় হারের সঙ্গে সংগতি রেখে দর তফসিল সংস্কার করা হয়েছে।
সূত্র জানায়, সরকারি নির্মাণসামগ্রীর দরের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো হলো— হালনাগাদের দীর্ঘসূত্রতা। এক্ষেত্রে বলা হয়েছে, প্রচলিত নিয়মে দর তফসিল সাধারণত প্রতি তিন-চার বছর অন্তর হালনাগাদ করা হয়, যা পরিবর্তনশীল বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে অনেক সময় সমস্যা দেখা দিত। এ ছাড়া অঞ্চলভিত্তিক ও বিশ্লেষণী কাঠামোতে অসংগতি। এক্ষেত্রে বলা হয়েছে দুর্গম এলাকা, পার্বত্য, উপকূলীয় ও দ্বীপাঞ্চলের বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য, দূরত্ব ও যাতায়াত বিবেচনায় সংস্থা ভেদে অঞ্চলভিত্তিক (জোনাল) দরসূচকে ভিন্নতা পরিলক্ষিত হয়। এক্ষেত্রে বলা হয়েছে, সংস্থা ভেদে ভিত্তি দর, ওভারহেড, মুনাফা ও ভ্যাট আরোপের পদ্ধতিতে ভিন্নতা থাকায় কাজের প্রাক্কলনে অসামঞ্জস্য সৃষ্টি হয়। আরও আছে, পরিবহন ব্যবস্থায় অসংগতি। এক্ষেত্রে বলা হয়েছে, অসাধু পরিবহন ব্যবসায়ী চক্রের কারসাজি, চাঁদাবাজি ইত্যাদি পরিবহন ব্যয় বৃদ্ধির প্রধান নিয়ামক, যা নির্মাণসামগ্রীর বাজার দরের ওপর প্রভাব ফেলে। পাশাপাশি রয়েছে পেশাদার ঠিকাদার এবং নির্মাণকাজে দক্ষ শ্রমিকের অভাব। আমদানিকারকদের কারসাজিও রয়েছে। এক্ষেত্রে বলা হয় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অসাধু ব্যবসায়ী চক্র সৃষ্টির মাধ্যমে নির্মাণসামগ্রীর মূল্যের ওপর সরাসরি প্রভাব বিস্তার করে। বাজার ব্যবস্থায় মনোপলি রয়েছে। এ বিষয়ে বলা হয়েছে, কিছুসংখ্যক ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে নির্মাণসামগ্রীর দর নির্ধারণে প্রভাব বিস্তার করে।
প্রতিবেদন সরকারি নির্মাণকাজের উল্লেখযোগ্য উপকরণগুলোর জন্য নির্ধারিত ভিত্তি দর উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ২০২২ সালের রেট শিডিউলের সঙ্গে ২০২৬ সালের রেট শিডিউলের প্রস্তাবিত দর হলো—পাথর, আমদানি করা (২০ মিমি ডাউন) সাইটে পৌঁছানোসহ ২০২২ সালে প্রতি ঘনমিটারের রেট ছিল ৮ হাজার ৪০০ টাকা। নতুন দরে প্রস্তাব করা হয় ৭ হাজার ৯৪৯ টাকা। এক্ষেত্রে কমেছে ৫ দশমিক ৩৭ শতাংশ। এ ছাড়া পাথর মধ্যপাড়া গ্রানাইট (২০ মিমি ডাউন) উৎসে দর ২০২২ সালে ধরা ছিল না। এবার নতুন করে ধরা হয়েছে ৫ হাজার ৬৯৬ টাকা। প্রথম শ্রেণির ইট প্রতি হাজার আগে ছিল ১৩ হাজার টাকা। এখনো সেটিই রাখা হয়েছে। বালু (এফএম ২.২ তদূর্ধ্ব) প্রতি ঘনমিটার আগে ছিল ১ হাজার ৯০০ টাকা। এখন ৩ হাজার ৫৩০ টাকা। এক্ষেত্রে দর বেড়েছে ৮৫ দশমিক ৭ শতাংশ। ডিজেল প্রতি লিটার আগে ছিল ১০৯ টাকা, এখন ১৩৫ টাকা ধরা হয়েছে। এক্ষেত্রে বেড়েছে ২৩ দশমিক ৮৫ শতাংশ। বিটুমিন ৬০/৭০ পেনিট্রেশন গ্রেড (বাল্ক) প্রতি টন আগে ছিল ৮৯ হাজার টাকা, এখন ধরা হয়েছে ৯৯ হাজার ৭০০ টাকা, এক্ষেত্রে বেড়েছে ১০ দশমিক ৭৩ শতাংশ। সিমেন্ট (পিসিসি) প্রতি টন আগে ছিল ১০ হাজার এখন সেটি বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার ৪০০ টাকা। এক্ষেত্রে বেড়েছে ৪ শতাংশ। রড (৪২০ এমপিএ) প্রতি টনের দাম ছিল ৯০ হাজার টাকা। এখন কিছুটা কমিয়ে ধরা হয়েছে ৮৯ হাজার টাকা। এক্ষেত্রে কমেছে ১ দশমিক ১২ শতাংশ। রড (৫০০এমপিএ) আগে ছিল ৮০ হাজার টাকা, এখন ৮৯ হাজার টাকা।



