বিশ্বব্যাংকের পূর্বাভাস
বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির চাপে বাংলাদেশ

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম ২০২৬ সালে বাড়তে পারে ৩২ শতাংশ। এতে জ্বালানি আমদানিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে নতুন করে চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বাড়তি দামে জ্বালানি আমদানি করতে হলে চাপ বাড়বে দেশের বৈদেশিক মুদ্রার ওপর। একই সঙ্গে তৈরি হবে বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের ব্যয়, পরিবহন খরচ এবং খাদ্যপণ্যের দাম বাড়ার ঝুঁকি। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ আরও বাড়তে পারে।
বিশ্বব্যাংকের সর্বশেষ ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে জ্বালানির দাম বৃদ্ধির এ পূর্বাভাস দেওয়া হয়েছে। গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৯১ ডলারে উঠতে পারে। ২০২৫ সালে এই দাম ছিল ৬৯ ডলার। ২০২৭ সালে দাম কমে ৭৯ ডলারে নামতে পারে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারে। তবে আগামী বছর জ্বালানির দাম ১২ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের জন্য এ পরিস্থিতি গুরুত্বপূর্ণ। কারণ, দেশের জ্বালানি চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়। অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে আন্তর্জাতিক বাজারের দামের প্রভাব সরাসরি পড়ে। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে আমদানি ব্যয় বেড়ে যায়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলারের বাজারে চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার পরিচালন ব্যয়ও বাড়তে পারে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকট থাকলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ব্যয় বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিকারকদের ওপর বাড়তি চাপ তৈরি হবে।



