অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের শাল-চাদরশিল্প
চাহিদা বাড়লেও উৎপাদনে টান
- বাথুলি সাদীর ৮০ কারখানার ৭০টিই বন্ধ
- সুতা ও রঙের দাম বাড়লেও বাড়েনি চাদরের পাইকারি মূল্য
- পাওয়ারলুমের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন তাঁতিরা
- দিনে ৬-৭টি চাদর বুনে খটকা তাঁতে মজুরি ৫০-৫৫ টাকা
- লোকসানে বন্ধ হচ্ছে তাঁত পেশা ছাড়ছেন দক্ষ কারিগর

বাজারে দিন দিন বাড়ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদরের চাহিদা ও জনপ্রিয়তা। দেশের বিভিন্ন পর্যটন এলাকা থেকে শুরু করে শহরের ফ্যাশন বাজারেও বাড়ছে এসব চাদরের কদর। অথচ উৎপাদন খরচ বৃদ্ধি, যান্ত্রিক পাওয়ারলুমের সঙ্গে প্রতিযোগিতা, শ্রমিক সংকট ও বাজার ব্যবস্থাপনার অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে এ শিল্প। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাদী এলাকায় একসময় থাকা ৮০টি শাল-চাদর কারখানার মধ্যে বন্ধ হয়ে গেছে ৭০টিই। ন্যায্যমূল্য ও উপযুক্ত মজুরি না পেয়ে পেশা ছাড়ছেন দক্ষ তাঁতিরাও।
জানা গেছে, বাসাইলের বাথুলি সাদী ছাড়াও নাগরপুর, দেলদুয়ার, কালিহাতী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় তৈরি হয় শাল-চাদর। বংশাল, মণিপুরি, নয়নতারা, ময়ূরকণ্ঠীসহ নানা নকশার চাদর তৈরি করেন স্থানীয় কারিগররা। তাঁত কারখানাগুলোতে সুতা, বুনন পদ্ধতি এবং নকশার ভিন্নতার ওপর ভিত্তি করে প্রধানত তৈরি করা হয় ছয় ধরনের শাল ও চাদর। সুতি, উল, সিল্ক ও মিশ্র সুতা দিয়ে তৈরি এসব চাদরে জামদানি, জ্যাকার্ড, চেলিপাড়সহ বিভিন্ন নকশা ব্যবহার করা হয়। ব্লক, বাটিক ও এমব্রয়ডারির কাজেও তৈরি হয় আধুনিক ফ্যাশনেবল চাদর।
চাদরের গুণগত মান, জমিনের রঙবিন্যাস এবং হাতের কাজের সূক্ষ্মতার ওপর ভিত্তি করে এসব চাদর বেচাকেনা হয় ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। নারীদের ব্যবহারের পাশাপাশি পুরুষদের জন্য তৈরি হয় বড় আকারের চাদরও। তবে সুতার দাম ও উৎপাদন ব্যয় বাড়লেও সেই অনুপাতে বাড়েনি পাইকারি দাম। ফলে ধারাবাহিক লোকসানের আশঙ্কায় নতুন করে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা।
তাঁত মালিকদের অভিযোগ, কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপাশি যান্ত্রিক পাওয়ারলুমের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তাঁতিরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়াও কঠিন হয়ে পড়েছে। এতে পেশা পরিবর্তন করছেন অনেক দক্ষ কারিগর।
তাঁত মালিক আ. ছালাম জানিয়েছেন, সুতার দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না। অনেক তাঁতি ব্যাংকঋণ কিংবা উচ্চ সুদে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। ঋণের কিস্তি ও সুদ পরিশোধের পর হাতে তেমন কিছুই থাকছে না। ব্যবসায় মন্দার কারণে তার ৩৬টি তাঁতের মধ্যে বন্ধ করে দিয়েছেন ১৪টি।
কক্সবাজার, শ্রীমঙ্গল, সিলেট, রাঙামাটিসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় টাঙ্গাইলের শাল-চাদরের জনপ্রিয়তা বাড়ছে উল্লেখ করে তাঁত মালিক মো. বাদল মিয়ার ভাষ্য, সরকার স্বল্প সুদে ঋণ এবং এসব চাদর বিদেশে রপ্তানির ব্যবস্থা করলে ঘুরে দাঁড়াতে পারত শিল্পটি। তার দুটি কারখানায় তাঁত রয়েছে ১৪টি। এর মধ্যে আটটি পাওয়ারলুম ও ছয়টি খটকা তাঁত। প্রতিকূল পরিস্থিতিতে এসব কারখানাও বন্ধ হয়ে যেতে পারে যেকোনো সময়।
কারিগর হিসেবে অনেক বছর ধরে কাজ করছেন মাহিম, শিপন, শওকত, মনির, সানি, লালচান ও আহাদ। তারা জানালেন, পাওয়ারলুমে প্রতিটি চাদর বুনে ২৫ টাকা মজুরি পান তারা। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করে একজন শ্রমিক তৈরি করতে পারেন প্রায় ২০টি চাদর। অন্যদিকে খটকা তাঁতে দিনে সর্বোচ্চ বোনা যায় ছয় থেকে সাতটি চাদর। প্রতিটির জন্য মজুরি পাওয়া যায় ৫০ থেকে ৫৫ টাকা। এই সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই অনেকেই পেশা পরিবর্তনের কথা ভাবছেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন তাঁত বোর্ডের টাঙ্গাইল (বাজিতপুর) বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার জাহিদুর রহমানের ভাষ্য, সুতাসহ কাঁচামালের অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে প্রতিযোগিতামূলক বাজারে লোকসানে পড়ছেন অনেক তাঁত মালিক। ফলে তাঁতশিল্প ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন তারা। সরকারি সহযোগিতা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। এ শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সহযোগিতা বাড়ানো।
সংশ্লিষ্টদের মতে, শুধু প্রশিক্ষণ দিয়ে এ শিল্পের সংকট কাটানো সম্ভব নয়। কাঁচামালের দাম তাঁতিদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, পাওয়ারলুমের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষুদ্র তাঁতিদের সুরক্ষা, স্বল্প সুদে ঋণ এবং উৎপাদকদের সরাসরি বাজার ও রপ্তানি সুবিধা নিশ্চিত করতে হবে। অন্যথায় হারিয়ে যেতে পারে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর তৈরির শিল্প।



