একদিনের ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম

সংগৃহীত ছবি
দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।
আজ শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিন সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় বাজুস। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম উঠেছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।





