দুই দিনের ব্যবধানে কমেছে স্বর্ণের দাম

ফাইল ছবি
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। দুই দিনের ব্যবধানে প্রতি ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। আজ শুক্রবার সকালে স্বর্ণের দাম কমার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর এদিন সকাল ১০টায় কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ হাজার ১০০ টাকা কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে ভরিতে ১ হাজার ৫১৬ টাকা। এতে এক ভরি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এখন ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা। স্বর্ণের এই দাম ভ্যাটসহ।
এর আগে গত বুধবার স্বর্ণের দাম কমে ১ হাজার ১০৮ টাকা। তাতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার টাকা।
দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি স্বর্ণের দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়।
এরপর স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এসেছিল। তারপর আবার বৃদ্ধি পায়। সব মিলিয়ে উত্থান-পতনের মধ্য রয়েছে স্বর্ণের দাম।



