আগামীর সময়

বিশ্লেষকের সতর্কবার্তা

হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম দ্বিগুণ হবে

হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম দ্বিগুণ হবে

প্রতীকী ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হতে থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের এই লেকচারার বলছেন, যদি হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের অর্ধেক বন্ধ করে দেওয়া হয়, তবে তেলের দাম একটা সময়ে প্রতি ব্যারেল ১৫০ ডলারে উঠে যেতে পারে। তাঁর আশঙ্কা, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা ট্যাংকারগুলোকে আর পাহারা দিতে না পারলে এমনটা হতে পারে।

আলজাজিরাকে হির্স বলছিলেন, ‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে আমরা এরই মধ্যে প্রভাব পড়তে দেখছি। (হামলার) প্রথম দিনেই দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। গত সোম ও মঙ্গলবারের মধ্যে ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ডিজেলের দামও অস্বাভাবিক হারে বেড়েছে।’

তাঁর ভাষ্য, গ্যাসনির্ভর দেশগুলো এখন পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের ভবিষ্যৎ অর্ডারেও প্রভাব ফেলছে।

সতর্ক করে হির্স বলেন, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে এই পরিস্থিতির বড় প্রভাব পড়বে। এমনটা ঘটলে অভ্যন্তরীণভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য পরিস্থিতি খুব খারাপ হবে, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে।

অয়েল প্রাইস ডটকমের তথ্যানুসারে, আজ বিশ্ববাজারে বেন্ট্র ক্রুডের দাম ৮৪ ডলার ছাড়িয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে যেখানে দাম ছিল ৭০ ডলার। হির্সের শঙ্কা সত্যি হলে, তেলের দাম প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। 

    শেয়ার করুন: