টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক খুনের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত
টাঙ্গাইলে সদর থানা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বেকসুর খালাস দেওয়া হয়েছে একজনকে।
আজ সোমবার সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, সদর উপজেলার কাগমারা এলাকার শাহজাহান মিয়া এবং একই উপজেলার শ্রীফলিয়াটা এলাকার আজাদ মিয়া।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজন হলেন সুজন, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও ইমন মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইদুর রহমান স্বপন।
তিনি জানিয়েছেন, রফিকুল ইসলাম টাঙ্গাইল শহরের আকুর টাকুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে তিনি হাঁটতে বের হন। আকুর টাকুর বটতলা বাজার এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার পরদিন রফিকুলের ছোট ভাই লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ আগস্ট আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ। তবে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী লাভলু মিয়া।
পরে আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্ত শেষে ২০১৮ সালের ২৯ এপ্রিল টাঙ্গাইল সিআইডির পরিদর্শক রফিক উদ্দিন আহম্মেদ আবারও আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
এরপর টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। প্রায় ১৩ বছর পর আজ সোমবার এ মামলার রায় ঘোষণা করা হলো।




