ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

ছবি: রয়টার্স
ইতালির স্কুলগুলোতে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ এবং প্রতি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রবিবার এ ঘোষণা দেন।
নিজের দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার এক সমাবেশে মেলোনি বলেন, শিগগিরই মন্ত্রিসভায় এ বিষয়ে একটি প্রস্তাব তোলা হবে। এতে প্রতি ক্লাসে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা আইনগতভাবে নির্ধারণের পাশাপাশি, ইতালীয় শিক্ষাব্যবস্থায় একীভূত হতে গুরুতর সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতাও রাখা হবে।
তবে প্রতি ক্লাসে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা কত হবে, তা মেলোনি জানাননি। তিনি বলেছেন, একটি ক্লাসে ভাষা না বোঝা শিক্ষার্থী কম থাকলে সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় তারা দ্রুত ইতালীয় ভাষা শিখে সমাজের সঙ্গে মিশে যেতে পারে। কিন্তু এমন শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়ে গেলে তা একীভূতকরণের বদলে অবহেলায় পরিণত হতে পারে—এমন মন্তব্য করেন তিনি।
মেলোনি আরও বলেছেন, স্কুলে শিক্ষার্থীদের মুখ খোলা রাখতে হবে এবং কোনো ‘প্রকৃত বা কথিত ঐতিহ্যের’ নামে তরুণীদের মুখ ঢেকে রাখার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির স্কুলে ভর্তি শিক্ষার্থীদের ১১ দশমিক ৬ শতাংশ ইতালীয় নাগরিক নয়, অর্থাৎ প্রতি ১০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় ১২ জন বিদেশি নাগরিক।
ইতালির মধ্যভূমধ্যসাগরীয় অবস্থানের কারণে দেশটি অভিবাসীদের আগমনের অন্যতম প্রধান প্রবেশপথ। ফলে অভিবাসন, ভাষা ও সামাজিক একীভূতকরণ দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়।
সূত্র : রয়টার্স




