কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিহত সাজিদ শাহারিয়ার সানম
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে সীতাঘাটের পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম সাজিদ শাহারিয়ার সানম (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শেষ বর্ষের শিক্ষার্থী এবং নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার সকালে নরসিংদী ও ঢাকা থেকে ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে আসেন। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড়ে ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে সীতাঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন তারা। স্রোতের টানে সানম গভীর পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।
খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনীর ডুবুরি দলও উদ্ধারকাজে যুক্ত হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান বলেন, তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে কাজ করছিল। পরে বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সানমের বন্ধু সাইফুল ইসলাম জানান, তারা ৯ জন সকালে সীতার পাহাড়ে ওঠেন। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামার পর মুহূর্তের মধ্যে সানম পানিতে তলিয়ে যান।




