অপ্রতিম হত্যা : ৪ দাবি জানিয়ে মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি
কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধের দুই ঘণ্টা পর তা স্থগিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। প্রশাসনের কাছে তারা চার দফা দাবি তুলে ধরেছেন।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে অবরোধ স্থগিত করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কোটবাড়ি বিশ্বরোড এলাকার মহাসড়ক অবরোধ করেন।
এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার এবং ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকর, কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ওসিদের দায় স্বীকার করে প্রত্যাহার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তায় তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আজ সংবাদ সম্মেলনে জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা মহাসড়কে অবরোধ প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে গিয়েছেন।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গন্ধমতিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
গত শুক্রবার বিকাল ৩টায় অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর গতকাল শনিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।




