বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে ডেপুটি হাইকমিশনার দু’দেশের বাণিজ্য বৃদ্ধিতে একটি যৌথ বিটুবি (B2B) টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান, এই টাস্কফোর্স গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ভারতীয় হাইকমিশন উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। এ উদ্যোগ সফল করতে এফবিসিসিআই'র নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ভিসা সুবিধার বিষয়ে ভারতীয় ডেপুটি হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং ভারতীয় হাইকমিশন থেকে প্রতিদিন প্রচুর সংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে।
সাক্ষাৎকালে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং সমস্যা দূরীকরণে যৌথ টাস্কফোর্স অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দুই দেশের উদীয়মান ও সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে উভয় দেশের উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।




